আজকাল ওয়েবডেস্ক: চলে গেলেন ফ্রাঙ্কো বারেসি। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার এবং এসি মিলানের প্রাক্তন অধিনায়ক ৬৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানায় ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এসি মিলান লেখে, 'ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে মিলান পরিবার শোকাহত। তাঁর আদর্শ, সততা এবং নেতৃত্ব চিরকাল ক্লাবের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। ঠিক যেমন তাঁর কিংবদন্তি ৬ নম্বর জার্সি।'
আট এবং নয়ের দশকে এসি মিলানের সোনালি যুগের অন্যতম নায়ক ছিলেন বারেসি। তাঁর নেতৃত্বে ক্লাব তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) এবং ছ'টি ইতালিয়ান লিগ জেতে। ২০২০ সালে তাঁকে এসি মিলানের সহ সভাপতি (সম্মানীয় পদ) করা হয়। ইতালির ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বারেসি। যদিও সেই টুর্নামেন্টে তিনি মূলত বেঞ্চে ছিলেন। পরে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে নেতৃত্ব দেন। সর্বকালের অন্যতম সেরা সুইপার হিসেবে ফুটবল ইতিহাসে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ২০২৫ সালের আগস্টে তাঁর ফুসফুসে একটি নডিউল ধরা পড়ার পর অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর তিনি বলেছিলেন, 'সম্পূর্ণ সুস্থ হয়ে আগের শক্তি ফিরে পেতে আমার কিছুটা সময় লাগবে।'
১৯৬০ সালের মে-তে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্মান ফ্রাঙ্কো বারেসি। ১৯৭৪ সালে এসি মিলানের যুব দলে যোগ দেন। ১৯৭৮ সালে, ১৮তম জন্মদিনের আগেই সিনিয়র দলে অভিষেক হয়। মাত্র ১৮ বছর বয়সেই তিনি প্রথম একাদশের নিয়মিত সদস্য হন। ২২ বছর বয়সে দলের অধিনায়ক। অসাধারণ টেকনিক, দূরদর্শিতা, নিখুঁত ট্যাকল এবং অনবদ্য নেতৃত্বের জন্য দ্রুতই তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। পাওলো মালদিনি, মাউরো তাসোত্তি এবং আলেসান্দ্রো কস্তাকুর্তার সঙ্গে গড়ে তোলা তাঁর রক্ষণভাগ ইউরোপের প্রতিটি স্ট্রাইকারের কাছে ছিল আতঙ্ক। ১৯৯৭ সালে ৭১৯টি ম্যাচ খেলে এসি মিলানের জার্সিতে অবসর নেন বারেসি। পরে এই রেকর্ড ভাঙেন আরেক কিংবদন্তি পাওলো মালদিনি।
ইতালির জাতীয় দলের জার্সিতে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বারেসি। ১৯৮২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও, ১৯৮৬ বিশ্বকাপে জাতীয় দলের কোচের সঙ্গে মতবিরোধের কারণে তিনি দলে জায়গা পাননি। এছাড়া ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হার তাঁর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দেয়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রক্ষণভাগের সংগঠক এবং এসি মিলানের প্রতীক হয়ে ওঠা ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে বিশ্ব ফুটবল হারাল এক অবিস্মরণীয় কিংবদন্তিকে।
















