আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার অজিঙ্ক রাহানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তাঁকে আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সতীর্থের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন 'হিটম্যান'। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রোহিত লেখেন, 'আমরা বহু বছর একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। তুমি যা কিছু অর্জন করেছ, তার পিছনে কতটা কঠোর পরিশ্রম রয়েছে, সেটা আমি খুব ভাল করেই জানি। তোমার নিষ্ঠা এবং পেশাদারিত্ব সবসময়ই তোমাকে আলাদা করে তুলেছে। অসাধারণ একটা কেরিয়ারের জন্য অভিনন্দন। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।'
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রাহানে। প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্রিকেটজীবনের ইতি টানেন ভারতের অন্যতম সফল ব্যাটার। টেস্ট ক্রিকেটে ৮৫ ম্যাচ এবং ১৪৪ ইনিংস খেলে ৫,০৭৭ রান করেছেন রাহানে। তাঁর ঝুলিতে রয়েছে ১২টি শতরান এবং ২৬টি অর্ধশতরান। গড় ৩৮.৪৬। স্ট্রাইক রেট ৪৯.৫০। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে ২৯৬২ রান করেছেন তিনি। সেখানে রয়েছে ৩টি শতরান এবং ২৪টি অর্ধশতরান। গড় ৩৫.২৬। স্ট্রাইক রেট ৭৮.৬৩। টি-২০ ক্রিকেটে ২০ ম্যাচে ৩৭৫ রান করেছেন রাহানে। যার মধ্যে রয়েছে একটি অর্ধশতরান।
অধিনায়ক হিসেবেও রাহানের সাফল্য ঈর্ষণীয়। টেস্টে তাঁর নেতৃত্বে ভারত ছ'টি ম্যাচ খেলেছে। যার মধ্যে চারটিতে জিতেছে। দু'টি ড্র হয়েছে। অন্তত পাঁচটি টেস্টে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়কদের মধ্যে তাঁর জয়ের হারই সর্বোচ্চ। রাহানের নেতৃত্বের সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেডে হতাশাজনক হারের পর তাঁর নেতৃত্বে মেলবোর্নে ঐতিহাসিক প্রত্যাবর্তন করে ভারত। এরপর গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘদিনের অপরাজেয় দুর্গ ভেঙে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। এছাড়াও ২০১৭ সালে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট জয়েও অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবদান এবং কঠিন বিদেশ সফরে ধারাবাহিক সাফল্যের জন্য ভারতীয় ক্রিকেটে অজিঙ্ক রাহানের নাম দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
















