আজকাল ওয়েবডেস্ক:মোহনবাগান দিবসের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করা হল প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে। ২০০১ সালে তাঁর হাত ধরেই এই সর্বোচ্চ সম্মানের সূচনা হয়েছিল। ২৫ বছর পর সেই সম্মানই পৌঁছল তাঁর পরিবারের হাতে। পুরস্কার গ্রহণ করেন স্ত্রী সুজাতা মিত্র। পরিবারের পক্ষ থেকে পুরস্কারের অর্থের সঙ্গে অতিরিক্ত অনুদান যোগ করে তা ক্লাবের মালিদের হাতে তুলে দেওয়া হয়।
অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র বলেন, “বাবার হাত ধরেই প্রথম মোহনবাগান ক্লাবে আসা। মা পাশে না থাকলে বাবা এতদূর পৌঁছতে পারতেন না।”
মোহনবাগানের আধুনিক প্রশাসনের অন্যতম রূপকার ছিলেন অঞ্জন মিত্র। তাঁর সময়েই বিদেশি ফুটবলার আনা, স্পনসর যুক্ত করা, মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা এবং মহিলা ফুটবল দল তৈরির মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।
এদিন ২০২৫-২৬ মরশুমের সেরা ফুটবলারের শিবদাস ভাদুড়ি পুরস্কার পান আলবার্তো রডরিগেজ। সেরা ফরোয়ার্ড হন লিস্টন কোলাসো এবং সেরা যুব ফুটবলার নির্বাচিত হন সুহেল আহমেদ ভাট। মতি নন্দী পুরস্কারে সম্মানিত হন ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। মরণোত্তর অঞ্জন মিত্র পুরস্কার পান গোপীনাথ ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। নতুন কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিসকে বিশেষ সংবর্ধনা জানায় ক্লাব। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন জয়তী চক্রবর্তী এবং শেষে সঙ্গীত পরিবেশন করেন সুদেশ ভোঁসলে।
















