আজকাল ওয়েবডেস্ক: দিল্লির হয়ে রনজি না খেলে হর্ষিত রানা যোগ দেবেন ভারতীয় দলে। ১ নভেম্বর থেকে ওয়াংখেড়েতে বল গড়াবে ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। সেই টেস্টের জন্য হর্ষিত রানা ডাক পেয়েছেন ভারতের স্কোয়াডে।
ভারত-নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টি টেস্ট ম্যাচই হেরে গিয়েছে ভারত। সিরিজ কিউয়িদের দখলে। এই অবস্থায় তৃতীয় টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ভারতের।
হর্ষিত রানার টিম ইন্ডিয়া শিবিরে যোগ দেওয়ার অর্থ রনজি ট্রফিতে তাঁকে পাবে না দিল্লি। দিল্লি ম্যানেজমেন্টকেও জানিয়ে দেওয়া হয়েছে রনজি ট্রফির চতুর্থ রাউন্ডে দিল্লির হয়ে খেলবেন না রানা।
অথচ এই রানার দাপটেই দিল্লি হারিয়েছে অসমকে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি-আসাম ম্যাচে উপস্থিত ছিলেন নির্বাচক অজয় রাতরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে ব্যাট হাতে পঞ্চাশ করেন রানা। অসম ব্যাট করতে নামলে দু'টি উইকেট নেন হর্ষিত রানা।
কিউয়িদের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের স্কোয়াডে ছিলেন হর্ষিত রানা। কিন্তু দেশের হয়ে খেলার সুযোগ আসেনি। রনজি ট্রফি খেলার জন্য তাঁকে জাতীয় দলের স্কোয়াড থেকে ছেড়েও দেওয়া হয়। জাতীয় দল থেকে এসে দিল্লি-অসম ম্যাচে নেমে পড়েন হর্ষিত। এবার তাঁকে তৃতীয় টেস্টের জন্য ডাকা হয়েছে। রনজিতে দিল্লির হয়ে নামতে পারবেন না তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতেও পারেন হর্ষিত রানা। ২২ বছর বয়সী ক্রিকেটারের উপরে ভরসা রয়েছে দেশের নির্বাচকদের। সেই কারণেই বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে রাখা হয়েছে অস্ট্রেলিয়া সফরে। স্যার ডনের দেশে পরীক্ষায় বসতে হবে ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে চ্যালেঞ্জিং সফরের আগে রানাকে টেস্ট ফরম্যাটে নামিয়ে তৈরি করেও নিতে পারে টিম ইন্ডিয়া।
