আজকাল ওয়েবডেস্ক: ইডেনে শুরু হয়ে গিয়েছে কেকেআরের প্র্যাকটিস। জোরকদমে চলছে প্রস্তুতি। কিন্তু মুম্বই ম্যাচের আগে বড় সমস্যায় নাইট শিবির। এবার কেকেআর দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। বিশেষ করে ওপেনিং অর্ডারে। শুক্রবার নাইটদের নতুন কোচ অভিষেক নায়ার কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন, সঠিক কম্বিনেশন খুঁজে বের করা ফ্র্যাঞ্চাইজির কাছে বড় চ্যালেঞ্জ। আগের বছরের ব্যর্থতার পর এবার বেশ কয়েকটি বড় নামকে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন ক্যামেরুন গ্রিন, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং রচিন রবীন্দ্র। কিন্তু এখনও ব্যাটিং অর্ডার নির্দিষ্ট করা হয়নি। কোচিং স্টাফের কাছে এটাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। অভিষেক বলেন, 'আমাদের দলের ব্যাটিং লাইন আপ ভাল। এবার বেশ কয়েকজন ভাল বিদেশিকে নেওয়া হয়েছে। টপ অর্ডারে অনেক বিকল্প রয়েছে। সঠিক কম্বিনেশন বেছে নেওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং।'

১২ বছর কেকেআরে কাটানোর পর অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। এবার ড্রে রাস-এর ভূমিকা নেবেন কে? এই জায়গায় ভারতীয়দের ওপর আস্থা রাখছেন নাইটদের কোচ। লোয়ার অর্ডারে বছরের পর বছর ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দেন। দলের তরুণ ব্রিগেডের দিকে তাকিয়ে গৌতম গম্ভীরের এককালীন ডেপুটি। অভিষেক বলেন, 'আন্দ্রে রাসেল দীর্ঘ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির পতাকা বাহক ছিল। টি-২০ ক্রিকেটে ওর অবদান অপরিসীম। ওর পরিবর্তন পাওয়া সহজ নয়। তবে এবার ভারতীয়দের জন্য সুযোগ থাকছে। আমাদের রিঙ্কু এবং রমনদীপ আছে। ওরা আগের মতো এবারও কিছু করতে পারে। আইপিএলে খেলা চাপের। তবে আমরা চাই প্লেয়াররা নিজেদের নামের প্রতি সুবিচার করুক। আমাদের দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। ওরা নিজেদের জায়গা মজবুত করতে পারে। রিঙ্কু কেকেআর এবং ভারতের জন্য সেই দায়িত্ব নিয়েছে। যেবার আমরা চ্যাম্পিয়ন হলাম, রমনদীপও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আশা করছি ওরা আবার সেটা করতে পারবে।' মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়ে শুরু হবে নাইটদের যাত্রা।