আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে দ্রুততম শতরান গ্লেন ম্যাক্সওয়েলের। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে একশোয় পৌঁছে যান অজি তারকা। ভেঙে দিলেন আইডেন মার্করামের রেকর্ড। এবারের বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেছিলেন প্রোটিয়া ব্যাটার। একদিনের বিশ্বকাপে সেটাই দ্রুততম ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ম্যাক্সওয়েল। ৪৪ বলে ১০৬ রান করে আউট হন অস্ট্রেলিয়ান। এই বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি ছয়, ৯টি চার। ২৭ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। তারপর ঝড় তোলেন। দিল্লি দেখল ম্যাড ম্যাক্সের তাণ্ডব। পরের ১৩ বলে আরও ৫০ রান যোগ করেন। ৪০ বলে পৌঁছে যান একশোয়। তাঁর ইনিংসে ভর করে ডাচদের বিরুদ্ধে ৫০ ওভারের শেষে ৮ উইকেটে হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১৫ রান দেন ব্যাস ডি লিডে। একদিনের ক্রিকেটের ইতিহাসে স্পেলে সবচেয়ে বেশি রান দিলেন ডাচ বোলার। এদিন শতরান করেন ডেভিড ওয়ার্নারও। ৯৩ বলে ১০৪ রান করেন। কিন্তু ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংস ওয়ার্নারের একশোকে ম্লান করে দেয়।