আজকাল ওয়েবডেস্ক: বিরল অভিজ্ঞতার সামনে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 

আটলান্টায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছেন আর্জেন্টাইন মহানায়ক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিটকে গিয়েছেন, নেইমার ছিটকে গিয়েছেন, আরলিং হালান্ডও চলে গিয়েছেন। টিকে রয়েছেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিরুদ্ধে মেসি প্রথমবার নামছেন। 

দীর্ঘ দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেললেও এই প্রথমবার থ্রি লায়ন্সদের বিরুদ্ধে খেলতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। 

মেসি এর আগে বিশ্বকাপজয়ী প্রায় সব দেশের বিরুদ্ধেই খেলেছেন। ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি তিনি। 

সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-১ গোলে  জয়ের পর মেসি বলেন, “সত্যিই এটা আমার কাছে স্পেশাল একটা ম্যাচ। আমি সবার বিরুদ্ধে খেলেছি, শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে নয়। তারা বড় দল, শক্তিশালী দল। এমন দলের বিরুদ্ধে, বিশেষ করে বিশ্বকাপের সেমিফাইনালে খেলাটা সবসময়ই বিশেষ।''

উল্লেখ্য, ২০০৫ সালের নভেম্বরে জেনিভায় এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের দেখা হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে হেরে গেলেও মেসি খেলতে পারেননি। কারণ, তার আগেই হাঙ্গেরির বিরুদ্ধে জাতীয় দলের অভিষেক ম্যাচে লাল কার্ড দেখেছিলেন তিনি।

চলতি বিশ্বকাপেও মেসির নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাক অ্যালিস্টারের প্রথম গোল এসেছিল মেসির কর্নার থেকে। পরে এক্সট্রা টাইমে আলভারেজ ও লাওতারো মার্টিনেজ গোল করেন। 

সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করতে পারেননি মেসি। গত  বারের বিশ্বকাপে পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের পর প্রথমবার কোনও বিশ্বকাপ ম্যাচে গোল করতে পারেননি মেসি। 

নকআউট পর্বে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। কেপ ভার্দেকে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে দুই গোল পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। 

মেসি জানিয়েছেন, টানা কঠিন ম্যাচের পর বিশ্রাম নেওয়ার দরকার রয়েছে। আর্জেন্টাইন তারকা বলেন, ''চাপ ছিল এবং এর প্রভাব পড়েছে। দল সেটা অনুভব করছে। তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।''

অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে ফের সামনে ইংল্যান্ড-আর্জেন্টিনা। ২০০২ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল। সেই ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে জয় পেয়েছিল। এবার কী হবে? তার উত্তর দেবে সময়।