আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
দু'টি প্রস্তুতি ম্যাচে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েন পর্তুগিজ অধিনায়ক। তবে এসব সংশয়কে একেবারেই আমল দিতে রাজি নন তিনি।
সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা রোনাল্ডোর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুললে আত্মবিশ্বাসী জবাব দেন ৪১ বছর বয়সী এই তারকা। চিলি ও নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ''শারীরিকভাবে? আমি ভাল আছি। আপনারা কি ম্যাচগুলো দেখেননি?''
বয়স ৪০ পেরিয়ে গেলেও গোল করার ধার এখনও অটুট তাঁর। ২০২৫-২৬ মরশুমে সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়ে ৩০ ম্যাচে ১৬১টি শট নিয়ে ২৮টি গোল ও দু'টি অ্যাসিস্ট করেছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সের এই ধারাবাহিকতাই বিশ্বকাপেও ধরে রাখতে চান পর্তুগাল অধিনায়ক।
দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট রোনাল্ডো। যদিও কঠোর অনুশীলনের কারণে প্রস্তুতি পর্ব কিছুটা ক্লান্তিকর ছিল বলে স্বীকার করেছেন তিনি।
রোনাল্ডো বলেন, “প্রস্তুতি ভাল হয়েছে, তবে ক্লান্তিকরও ছিল। কারণ আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা ম্যাচগুলো ভাল খেলেছি। তবে আসল বিষয় হলো ১৭ তারিখে, প্রথম ম্যাচে যখন বল মাঠে গড়াতে শুরু করবে এবং চাপ বাড়বে, তখনই আসল চ্যাম্পিয়নরা বেরিয়ে আসবে।''
বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতার পাশাপাশি নিজের গোল করার সামর্থ্যকে পুঁজি করে এবারও পর্তুগালকে সাফল্যের পথে এগিয়ে নিতে মুখিয়ে আছেন রোনাল্ডো।















