আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে চেন্নাইয়ে বাংলাদেশ টেস্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ৩৭ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই সকাল থেকে দুপুর পর্যন্ত টিম ইন্ডিয়ার ট্রেনিং চলে। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। চেন্নাইয়ের পিচ থেকে সাধারণত সাহায্য পায় বোলাররা। এবার এমএ চিদম্বরম স্টেডিয়ামের পিচ কেমন হবে? জানা গিয়েছে, চেন্নাইয়ে লাল মাটির পিচ হবে। সেখানে দু'ধরনের পিচ আছে। একটি লাল মাটির, অন্যটি কালো। এদিন নেটে লাল মাটির পিচে বল করতে দেখা যায় ভারতীয় বোলারদের। সেই কারণেই মনে করা হচ্ছে, প্রথম টেস্ট লাল মাটির উইকেটেই হবে। পিচ থেকে পেস এবং স্পিনের সুবিধা চাইছে ভারতীয় দল। পিচ যাতে রোদে ফেটে না যায়, সকাল সাড়ে এগারোটায় মধ্যে ঢেকে দেওয়া হচ্ছে। 

বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের মাঠে কালো মাটির পিচে খেলে অভ্যস্ত। ২০১৯ সালে শেষবার ভারতে টেস্ট খেলতে এসেছিল শাকিবরা। ইন্দোর এবং কলকাতায় পেস সহায়ক উইকেট বানানো হয়েছিল। শেষপর্যন্ত এবারও যদি তাই হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। সাধারণত চিদম্বরম বি স্টেডিয়াম অনুশীলনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু ভারত মূল মাঠেই প্র্যাকটিস করছে। প্রথমদিনের অনুশীলনে ৪৫ মিনিট ব্যাট করেন বিরাট কোহলি। রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়াল, শুভমন গিলকেও নেটে ব্যাট করতে দেখা যায়। দুটো নেট মিলিয়ে ব্যাট করেন তাঁরা। কালো মাটির পিচে বল করেতে দেখা যায় স্পিনারদের। পরের দিকে ব্যাট করেন কেএল রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল এবং অক্ষর প্যাটেল। ব্যাটিং অর্ডার দেখে মনে হচ্ছে সরফরাজ নয়, প্রথম টেস্টে সুযোগ পাবেন রাহুল।