আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টাটা স্টিল কলকাতা ২৫কে ম্যারাথনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এশিয়ান গেমসের রুপোজয়ী কার্তিক কুমার। এছাড়াও থাকবেন অলিম্পিয়ান ও এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়ন গোপী থোনাকাল এবং টামসি সিং। এদিন আয়োজকদের পক্ষ থেকে ভারতীয় অ্যাথলিটদের তালিকা প্রকাশ করা হয়। ম্যারাথনের অষ্টম সংস্করণে ভারতের কয়েকজন সেরা অ্যাথলিটকে অংশ নিতে দেখা যাবে। এলিট মেনস রেসে অংশগ্রহণ করবেন ২০২২ এশিয়ান গেমসে পুরুষদের ১০,০০০ মিটারে রুপোজয়ী কার্তিক কুমার। ১৯৯৮ সালে গুলাব চাঁদের পর প্রথম ভারতীয় হিসেবে এই বিভাগে পদক জেতেন ২৪ বছরের অ্যাথলিট। গত দু"বছরে পারফরম্যান্সের শিখরে কার্তিক। দিল্লিতে অনুষ্ঠিত হাফ ম্যারাথনেও তিনি রানার্স হন। তার আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন অভিজ্ঞ গোপী টি। ২০১৭ সালে চীনে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। দু"বার দিল্লি ম্যারাথন জিতেছেন। এই দু"জন ছাড়াও থাকছেন ২০২২ এশিয়ান গেমসের ১০,০০০ মিটারে ব্রোঞ্জজয়ী গুলবীর সিং। আগের বছর গুজরাটে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে চ্যাম্পিয়ন হন তিনি। গত মাসে গোয়ায় অনুষ্ঠিত জাতীয় গেমসে ব্রোঞ্জ জেতেন। ফর্মে থাকা এই তিন ভারতীয় অ্যাথলিট বিদেশি দৌড়বিদদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। এছাড়াও পুরুষদের বিভাগে থাকছেন সাওয়ান বারওয়াল, বেলিআপ্পা এবি, প্রথমেশ পাটিল এবং মোহন সাইনি। মেয়েদের বিভাগে ফেভারিট হিসেবে শুরু করবেন টামসি সিং। এছাড়াও থাকবেন একতা রাওয়াত, নির্মা ঠাকুর, ফুলন পাল, নন্দিনী গুপ্ত, রেশমা কেভাতে এবং শ্যামলী সিং। মেয়েদের বিভাগে আন্তর্জাতিক অ্যাথলিটদের মধ্যে উল্লেখযোগ্য নাম ইয়ালেমজেরফ ইয়েহুয়ালো। ইথিওপিয়ান অ্যাথলিট ১০কে ম্যারাথনে রেকর্ডের অধিকারী। পুরুষদের বিভাগে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু"বারের রুপোজয়ী কেনিয়ার ড্যানিয়েল সিমিউ ইবেনয়ো। ১৭ ডিসেম্বর রেড রোডে অনুষ্ঠিত হবে টাটা স্টিল ম্যারাথন।