আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে জঘন্য খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের কাছে গ্রুপের শেষ ম্যাচ হারের পর হার্দিক পাণ্ডিয়ার ইনস্টাগ্রাম স্টোরি দেখে অবাক ফ্যানরা। মাত্র চার জয়ে টেবিলের ন'নম্বরে শেষ করে মুম্বই। মরশুমটা ভাল যায়নি হার্দিকের। ইনজুরির পাশাপাশি ফর্মেও ছিলেন না। পরিস্থিতি এতটাই খারাপ আকার নেয়, আইপিএলের পর তাঁকে ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে। তবে এই বিষয়ে হার্দিক বা মুম্বই কিছু বলেনি। তবে ইন্টারনেটে হার্দিকের পোস্ট সবাইকে অবাক করে। ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন তারকা অলরাউন্ডার। সেখানে একটি ল্যাপটপের ছবি। সিনেমা চলছে। পাশে একটি নোটবুক, পেন এবং মোবাইল রাখা। নজর কাড়ে মোবাইলে ডিসপ্লে হওয়া সময়। তাতে লেখা ০৭.০৭। বিষয়টিকে এমএস ধোনির সঙ্গে যুক্ত করতে সময় লাগেনি ইন্টারনেটের। 

গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে ৭ নম্বরের সম্পর্ক ধোনির সঙ্গে। অনেকেই মনে করেছে, এই পোস্ট ইঙ্গিতপূর্ণ। ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন হার্দিক। তবে এই প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজি বা খোদ মুম্বইয়ের অধিনায়ক কোনও মন্তব্য করেনি। এর আগে মুম্বইয়ের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন কাইরন পোলার্ড। কিন্তু দাবি করেন, হার্দিকের ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনা হয়নি। পোলার্ড বলেন, 'বর্তমানে পোস্টমর্টেম করার সময় না। এগুলো আবেগপ্রবণ সিদ্ধান্ত। সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে। সবারই সময় এবং স্পেস দরকার। কোথায় ভুল হয়েছে দেখতে হবে। তবেই ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া যায়।' আইপিএল চলাকালীন হার্দিকের পাশেই ছিল মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট। চলতি বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মোহভঙ্গ হয় কিনা দেখার।