আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য নিয়ে নামছেন কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। 

অধিকাংশ তরুণ ক্রিকেটার যখন অর্ধশতরান বা শতরানের স্বপ্ন দেখেন, সেখানে রাজস্থান রয়্যালসের এই বিস্ময় বালক সরাসরি নজর রেখেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ার দিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ২০০ রান করা তাঁর লক্ষ্য। 

সম্প্রতি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় নিজের এই বিস্ফোরক স্বপ্নের কথা জানান বৈভব। কথোপকথনের সময়ে পিটারসেন তাঁকে জিজ্ঞেস করেছিলেন, অর্ধশতরান করলে তিনি উদযাপন করতে ভালোবাসেন কি না। জবাবে বৈভব একেবারেই নির্লিপ্ত, ''না, তেমন না।'' 

এরপর যখন ব্যক্তিগত লক্ষ্য নিয়ে প্রশ্ন ওঠে, তখনই আসে চমকে দেওয়া মন্তব্য। বৈভব বলেন, ''আমি টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই।”

তিনি ইঙ্গিত করেন ক্রিস গেইলের দিকে। ক্যারিবিয়ান দৈত্যর রেকর্ড তিনি ভাঙতে চান। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গেইলের অপরাজিত ১৭৫ রান এখনও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এক দশকেরও বেশি সময় কেটে গেলেও সেই রেকর্ড এখনও অক্ষত।

তবে বৈভবের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। পিটারসেন যখন বলেন, ''তাহলে তো ১০০ রান মানে তোমার লক্ষ্যপূরণের অর্ধেক।'' সেই সময়ে নির্বিকার ছিলেন কিশোর তারকা।

বৈভবের জবাব, ''আমি যদি কোনও ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করতে পারি, তাহলে ১৭৫ রানের রেকর্ড ভাঙতে পারব।''

চাপের মুহূর্তেও নিজেকে বদলান না বলেও জানান তিনি। নব্বইয়ের ঘরে পৌঁছলে কোনও চাপ অনুভব করেন কি না, সেই প্রশ্নের উত্তরে বৈভব বলেন, ''না, কখনওই না। আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে থাকি।''

এই নির্ভীক মানসিকতাই ইতিমধ্যেই তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত কিশোর প্রতিভায় পরিণত করেছে। ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলার গতি কমানো বা পরিস্থিতি অনুযায়ী স্টাইল বদলানো, এসবের ধার ধারেন না বৈভব। তাঁর একটাই লক্ষ্য, ক্রিজে থাকা এবং রান করে যাওয়া।

বৈভবের কথাগুলো যতই দুঃসাহসিক শোনাক, তাঁর পারফরম্যান্স কিন্তু সেই বিশ্বাসকে জোরদার করছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি গড়েছিলেন ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। এছাড়া ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ১৯০ রান করে ডাবল সেঞ্চুরির খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি।

সবচেয়ে বিস্ময়কর তথ্যটি অবশ্য পরে সামনে আসে। নিজের দীর্ঘতম ইনিংস সম্পর্কে বলতে গিয়ে বৈভব জানান,
''রাজ্যের হয়ে একটি ঘরোয়া ম্যাচে আমি পুরো ৫০ ওভার ব্যাট করে ৩৩৫ রানে অপরাজিত ছিলাম।''

সরকারি রেকর্ডে সেই ইনিংস না থাকলেও, মাত্র ১৫ বছর বয়সে এমন দাবি তাঁর অসাধারণ স্ট্যামিনা ও দীর্ঘ ইনিংস খেলার মানসিকতারই প্রমাণ দেয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রান এখনও অধরা স্বপ্ন। অনেকের কাছেই বৈভবের এই লক্ষ্য অবাস্তব মনে হতে পারে। কিন্তু ক্রিকেটবিশ্ব ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে, বৈভব সূর্যবংশী অসম্ভবকেও বাস্তবে বদলে দেওয়ার সাহস রাখেন।