আজকাল ওয়েবডেস্ক: প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের একটি মন্তব্য।

ঘটনার সূত্রপাত একটি ছবিকে ঘিরে। পাঞ্জাব কিংসের ক্রিকেটার হরপ্রীত ব্রার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াংশ আর্যা এবং অর্শদীপ সিং। 

মজার ক্যাপশন দিয়ে ব্রার ছবিটি পোস্ট করতেই সেখানে মন্তব্য করেন যুবরাজ সিং। তিনি লেখেন, ''তোদের সবাইকে এবার চপ্পল দিয়ে মারার সময় এসে গিয়েছে।''

মুহূর্তের মধ্যেই সেই মন্তব্য ভাইরাল হয়ে যায়। তবে ক্রিকেটমহলের একাংশের মতে, এটি রাগের বহিঃপ্রকাশ নয়, বরং মজার ছলেই এমন মন্তব্য করেছেন। কারণ, প্রিয়াংশ আর্যার সঙ্গে যুবরাজের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। প্রিয়াংশ নাকি বিভিন্ন সময়ে যুবরাজের কাছ থেকে পরামর্শও নিয়েছেন। 

এদিকে, চলতি মরশুমেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাব কিংস। কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভাল খেললেও দলগত ধারাবাহিকতার অভাবে ফের প্লে-অফের বাইরে চলে যেতে হয়েছে তাদের। বিশেষ করে অর্শদীপ সিংয়ের বোলিং নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা যায়। বেশ কিছু ম্যাচে তাঁর হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সমালোচনাও হয়েছে।

যুবরাজ সিংয়ের মন্তব্যকে অনেকে মজার ছলে নিলেও, অনেক সমর্থক আবার সেটাকেই পাঞ্জাব কিংসের ব্যর্থতা নিয়ে নিজেদের হতাশা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। পাঞ্জাবের আইপিএল অধ্যায় শেষের পরে এই ভাইরাল মন্তব্য ক্রিকেট মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।