আজকাল ওয়েবডেস্ক: চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পেলেন তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। সোমবার স্পেনের কোচ লুই দে লা ফন্তে ২৬ সদস্যের দল ঘোষণা করেন।
তবে স্পেনের বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন না কোনও রিয়াল মাদ্রিদের ফুটবলার। মরশুমের শেষদিকে পেশির চোটে আক্রান্ত হন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস।
যদিও স্পেনের কোচ জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই তাঁরা সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। দে লা ফন্তে বলেন, ‘আমরা কোনও কিছু তাড়াহুড়ো করে করতে চাই না। ক্লাবগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যে তথ্য আমাদের কাছে রয়েছে, তাতে প্রথম বা দ্বিতীয় ম্যাচের আগেই ওরা পুরোপুরি প্রস্তুত থাকবে।’
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এরপর ২১ জুন সৌদি আরবের বিরুদ্ধে এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাজারায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার দৌড়ে ছিলেন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক ডিন হুইসেন। তবে শেষ পর্যন্ত তাঁকে দলে রাখা হয়নি। যদিও এই নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নারাজ স্পেন কোচ।
তাঁর কথায়, ‘আমি ক্লাব দেখি না, আমি জাতীয় দলের ফুটবলার দেখি। দেশের হয়ে খেলতে পারাটাই সবচেয়ে বড় বিষয়।’ অন্যদিকে, টানা দু’বার লা লিগা জয়ী বার্সেলোনা থেকে দলে জায়গা পেয়েছেন আটজন ফুটবলার।
রিয়াল মাদ্রিদ যদিও এবার ট্রফিলেস মরশুম কাটিয়েছে। তবে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের মতো রিয়াল তারকারা নিজেদের দেশের হয়ে বিশ্বকাপে খেলবেন।
চোটের কারণে স্পেন দলে জায়গা হয়নি বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন আর্সেনালের মিকেল মেরিনো। সাম্প্রতিক চোট কাটিয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন পিএসজির ফাবিয়ান রুইজও।
শনিবার থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে স্পেন। প্রস্তুতি ম্যাচে ৪ জুন ইরাক এবং ৯ জুন পেরুর বিরুদ্ধে খেলবে তারা। ২০২২ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে।
তবে এরপর জার্মানিতে ২০২৪ সালের ইউরো কাপ জেতে স্পেন। ২০২৩ সালের নেশনস লিগও জিতেছিল স্পেন। তবে ২০১০ সালের পর আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি স্পেন।















