আজকাল ওয়েবডেস্কঃ প্রায় সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা প্রচুর। চুল পড়া থেকে শুরু করে চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এই সমস্যা। নামীদামি প্রোডাক্ট ব্যবহার করেও মেলে না সমস্যার সমাধান। আমরা সকলেই জানি চুলের প্রধান খাদ্য হল তেল। বাজার চলতি তেল ব্যবহার করেও বিফল হচ্ছেন বার বার। তাই বাড়িতেই তৈরি করুন এই ভেষজ তেল।
চার কাপ নারকেল তেল সসপ্যানে ফুটতে দিন। অল্প গরম হতে শুরু করলে এই চামচ মেথি, একটি গোটা অ্যালোভেরার ডাল টুকরো করে কাটা, এক কাপ কারিপাতা দিন। সঙ্গে চারটি আমলকীকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিন।
এক চামচ করে কালোজিরে ও ফ্ল্যাক্স সিড দিন। চার পাঁচটি টাটকা জবা ফুল দিয়ে দিন। ১০ মিনিট ভাল করে ফুটিয়ে নিন। একটি পাত্রে ছেঁকে নিন ও শেষে এক চামচ ক্যাস্টর অয়েল দিন।একটি কাচের বোতলে ভরে রাখুন। এক মাস রেখে ব্যবহার করতে পারেন এই তেল।
স্নান করার আধঘন্টা আগে চুলের ডগা, স্ক্যাল্প ও গোড়ায় মালিশ করুন এই বিশেষ ভেষজ তেল। চুল পড়া, খুশকি থেকে মুক্তি পাবেন, দ্রুত চুল গজাবে ও গোড়া মজবুত হবে।
মেথিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস। এটি আপনার চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে। মেথির বীজ আপনার চুলের গোড়া থেকে পুষ্টি জোগাবে এবং চুলকে মজবুত করবে। চুলের ফলিকলকে ভালো রাখবে। এর মধ্যে আছে প্রোটিন যা চুলের স্বাস্থ্য ফেরাতে কাজে আসে। চুল পড়ে যাওয়া, খুশকির সমস্যা থেকে নিমেষে মুক্তি মিলবে নারকেলের তেল ব্যবহার করলে। চুলের আর্দ্রতা বজায় রাখতে কাজে আসে এই তেল। শীতকালে খসখসে ত্বকেও অত্যন্ত কার্যকরী এই তেল।
















