x
আজকাল ওয়েব ডেস্কঃ 'চা' ই চাই। চা প্রেমীদের একটাই কথা। সক্কাল বেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েই তাদের চা এর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় না। অফিসে সহকর্মীদের সঙ্গে গল্পে হোক বা দিনশেষে বাড়ি ফিরে সমস্ত ক্লান্তিকে দূর করতে হোক।প্রচন্ড আনন্দে বা চূড়ান্ত মন খারাপে হোক। চা ই একমাত্র মুশকিল আসান। লাল চা বা ঘন দুধের তৈরি দুধ চা ,যাই পান করুন। সবই মনে আলাদাই প্রশান্তি এনে দেয়। রোজের এই একঘেয়েমি চা কে যদি একটু অন্যরকম স্বাদের বানানো যায় তবে কেমন হয়? দেখে নিন উত্তর ভারতের প্রত্যন্ত গ্ৰামের এক অসাধারণ চা এর রেসিপি। অতুলনীয় স্বাদের সঙ্গে এই চা আপনার ইমিউনিটিকেও শক্তিশালী করবে।
প্রথমে কয়েক টুকরো আদা, বেশ কিছু তুলসী পাতা ও পুদিনা পাতা নিন।এতে ৭-৮টি লবঙ্গ ও এলাচ দিন। সমস্ত উপকরণ গুলো একসাথে ভাল করে পিষে ফেলুন।
সসপ্যানে জল দিয়ে দিন।জল ফুটতে শুরু করলে পিষে রাখা মশলার উপকরণ গুলো দিয়ে দিন।৫ মিনিট ধরে ভাল করে ফুটিয়ে নিন। এরপর এতে দিন চা পাতা এবং আরও ২ মিনিট ফোটান।এক কাপ দুধ দিয়ে আর কিছুটা ফুটিয়ে নিয়ে এতে এক টুকরো আখের গুড় দিতে হবে। এবার গ্যাস বন্ধ করে সসপ্যান ঢাকা দিয়ে দিন।
এই আয়ুর্বেদিক চা শরীর ও মন উভয়কেই সতেজ ও প্রাণবন্ত করতে সহায়ক।
স্বাস্থ্যসম্মত এই চায়ে চিনির বিকল্প হিসাবে আখের গুড় ব্যবহার করতে হবে। পুষ্টিবিদদের মতে আয়রন, ভিটামিন সি, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজে সমৃদ্ধ গুড়। শরীরে জমা টক্সিন দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গুড়। লিভারের কার্যকারিতা ঠিক রাখতে গেলেও গুড়ের অবদান রয়েছে।
তাই সারাদিনে একবার যদি এই সুস্বাদু স্বাস্থ্য সম্মত পাহাড়ী চা ঘরে বসেই পেয়ে যান,তবে মন্দ কী? চা প্রেমীদের কাছে তো এই চা স্বর্গ সুখের সমান।
