আজকাল ওয়েব ডেস্ক: বাঙালির ডায়েটে একাধিক পদে জায়গা পায় কুমড়ো। বহুকাল থেকে এই সবজির কদর রয়েছে বেশ। তবে কুমড়ো খেলেও অনেকেই তার বীজকে ময়লার পাত্রে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, অবহেলার শিকার হওয়া এই বীজেরও রয়েছে অনেক পুষ্টিগুণ। কুমড়োর বীজ হল উপকারী ফ্যাট, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রন, কপার, ফাইবার এবং ম্যাঙ্গানিজের ভাণ্ডার। তাই নিয়মিত এই বীজ খেলে শরীরে হানা দিতে পারে না একাধিক জটিল অসুখ।
নিয়মিত কুমড়োর বীজ খেলে হার্টের অসুখকে প্রতিরোধ করা সম্ভব। আসলে এই প্রাকৃতিক উপাদানে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম। আর এই খনিজ উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই পরোক্ষভাবে হার্ট থাকে সুস্থ। এছাড়া শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হলে হাড়ের দুর্বলতা কেটে যায়, নিয়ন্ত্রণে থাকে সুগারও।
কুমড়োর বীজে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত কুমড়োর বীজ খেলে মেনোপজ হওয়া মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া প্রস্টেট ক্যানসারের বাড়বাড়ন্ত রুখতেও এই বীজের জুড়ি মেলা ভার। তাই ক্যানসারের মতো মারণ অসুখকে প্রতিরোধ করতে চাইলে নিয়মিত কুমড়োর বীজ যে খেতেই হবে।
গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যায় কুমড়োর বীজ খেলে উপকার মিলবে। আসলে এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আর এই ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে। এছাড়াও নারী-পুরুষ নির্বিশেষ মূত্রথলি বা ব্লাডারের সমস্যা থেকে রেহাই পেতে চাইলে নিয়মিত এই বীজ খান।
















