একসময় চিকিৎসকেরা স্পষ্ট বলেছিলেন, তিনি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। কিন্তু সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে নিজের জীবনই বদলে দিয়েছেন, আর এখন অন্যদের সুস্থতার পথ দেখাচ্ছেন নিজের তৈরি 'হিলিং কেক'-এর মাধ্যমে।

পাটনার মেয়ে মীরা আসল নাম পল্লবী কুমার আগরওয়াল আগে সম্পূর্ণ অন্য জগতে ছিলেন। ফ্যাশন ডিজাইন, মডেলিং, এমনকি কর্পোরেট চাকরি-সব মিলিয়ে তিনি ছিলেন সফল ও ব্যস্ত জীবনের মানুষ। তিনি ‘কিংফিশার মিস ফোটোজেনিক’ খেতাবও জিতেছিলেন এবং ম্যারাথন রানার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎ এক গুরুতর শারীরিক সমস্যায় তাঁর জীবন একেবারে বদলে যায়। 

চিকিৎসেরা তখন জানিয়ে দেন, তিনি হয়তো আর ঠিকভাবে হাঁটতে পারবেন না। এই কঠিন পরিস্থিতিতেই মীরা নিজের জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত নেন। তিনি আধুনিক চিকিৎসার পাশাপাশি ফিরে যান নিজের শিকড়ে অর্থাৎ ভারতীয় ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস ও আয়ুর্বেদের দিকে। 

তিনি সম্পূর্ণ ভেগান ডায়েট মেনে চলা শুরু করেন এবং আয়ুর্বেদিক নিয়ম অনুযায়ী খাবার খেতে থাকেন। পাশাপাশি তিনি যোগ ও ধ্যান, বিশেষ করে ‘ক্রিয়া যোগ’-এর চর্চা শুরু করেন। ধীরে ধীরে তাঁর শরীর ও মন-দু’টোতেই পরিবর্তন আসতে থাকে। অসুস্থতা কাটিয়ে তিনি নতুন করে সুস্থ জীবনে ফিরতে সক্ষম হন। 

শুধু শারীরিক সুস্থতা নয়, এই যাত্রা তাঁকে মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও বদলে দেয়। একসময় তিনি সন্ন্যাস জীবনও বেছে নেন এবং সম্পূর্ণভাবে ওয়েলনেস বা সুস্থতার পথে নিজেকে নিয়োজিত করেন। 

বর্তমানে মীরা একজন ওয়েলনেস উদ্যোক্তা। তিনি তৈরি করছেন 'হিলিং কেক' যা সাধারণ কেকের মতো নয়। এগুলো সম্পূর্ণ প্ল্যান্ট-বেসড, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং আয়ুর্বেদের নীতিতে বানানো। তাঁর লক্ষ্য শুধু সুস্বাদু খাবার দেওয়া নয়, বরং খাবারের মাধ্যমেই মানুষকে সুস্থতার পথে সাহায্য করা। 

মীরার এই গল্প শুধু এক নারীর লড়াই নয়, একইসঙ্গে বিশ্বাস, ধৈর্য এবং নিজের সংস্কৃতির শক্তির এক অনন্য উদাহরণ। তিনি দেখিয়ে দিয়েছেন, সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাস অনেক সময় অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।