শুধু ডায়াবেটিসই নয়, প্রতিদিনের খাবারে অতিরিক্ত চিনি ধীরে ধীরে শরীরের একাধিক গুরুতর রোগকে আরও ভয়াবহ করে তোলে। বিশেষজ্ঞদের মতে, আমরা অনেকেই বুঝতে পারি না যে চা-কফি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক বা প্যাকেটজাত খাবারের মাধ্যমে কতটা চিনি শরীরে ঢুকছে। আর এই অতিরিক্ত চিনি নীরবে ক্ষতি করে শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গের।

*চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং ইনসুলিন ঠিকভাবে কাজ করতে বাধা দেয়। ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে। যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের ক্ষেত্রে চোখ, কিডনি ও স্নায়ুর ক্ষতি আরও দ্রুত হয়।

*বেশি চিনি খেলে বাড়ে হৃদরোগ ও স্ট্রোকের ভয়। অতিরিক্ত চিনি রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ায়। এতে ধমনীতে চর্বি জমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

*চিনির কারণে আরেকটি বড় ক্ষতি হয় লিভারে। বিশেষ করে ফ্রুক্টোজ-যুক্ত চিনি লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভারের সমস্যা তৈরি করে। সময়ের সঙ্গে তা লিভার বড় ক্ষতি করতে পারে।

*বিশেষজ্ঞদের মতে, বেশি চিনি খেলে ওজন দ্রুত বাড়ে। কারণ চিনি পেট ভরায় না, বরং আরও খাওয়ার ইচ্ছে বাড়ায়। এর ফলেই স্থূলতা ও হরমোনের সমস্যা দেখা দেয়।

*এছাড়া দীর্ঘদিন বেশি চিনি খেলে শরীরে প্রদাহ বাড়ে, যা কিছু ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে বলে মত চিকিৎসকদের।

*চিনির প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপরও। রক্তে শর্করার ওঠানামার কারণে মেজাজ খারাপ, উদ্বেগ, অবসাদ ও ক্লান্তি দেখা দিতে পারে।

*শুধু তাই নয়, অতিরিক্ত চিনি মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে স্মৃতিশক্তি দুর্বল করতে পারে এবং দীর্ঘমেয়াদে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়।

*চিনি বেশি হলে কিডনির ওপর চাপ পড়ে, বিশেষ করে যাঁদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তাঁদের সতর্ক থাকা জরুরি। একইসঙ্গে চিনির কারণে ক্ষতি হয় ত্বক ও দাঁতে। ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে, ব্রণ বাড়ে এবং দাঁতে ক্যাভিটি ও মাড়ির রোগ দেখা দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, চিনি পুরোপুরি বাদ না দিলেও অবশ্যই সীমিত খাওয়া প্রয়োজন। মিষ্টি, সফট ড্রিঙ্ক ও প্রসেসড খাবার কম খাওয়া, ঘরোয়া খাবার ও ফল-সবজি বেশি খাওয়াই সুস্থ থাকার সবচেয়ে সহজ উপায়।

 অতিরিক্ত চিনি খেলে শরীর নিজেই কিছু সংকেত দিতে শুরু করে। শরীরের সেই সংকেতগুলো বুঝলেই চিনি খাওয়ায় রাশ টানতে পারবেন। যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন-

* শরীরে অতিরিক্ত শর্করা জমলে কিডনিকে বেশি কাজ করতে হয় তা বের করার জন্য। এর ফলে ঘন ঘন প্রস্রাব হয় এবং সারাদিন অস্বাভাবিকভাবে পিপাসা পায়। যা হতে পারে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণও।

* চিনি শরীরে দ্রুত এনার্জি জোগায়, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করে, ফলে বার বার খিদে অনুভূত হয়। এই অবস্থায় অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর।

* মনোযোগে ঘাটতিঃ রক্তে শর্করার হঠাৎ ওঠা-নামা মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। এর ফলে মাথায় কুয়াশার মতো ভাব হয়, মনোযোগ ধরে রাখা যায় না, কাজের দক্ষতাও কমে যায়।

* ত্বকে পরিবর্তনঃ অতিরিক্ত চিনির প্রভাবে শরীরে ইনসুলিন রেজিসট্যান্স তৈরি হতে পারে। এর ফলে গলার নিচে, বগলে বা বুকে কালো দাগ পড়া, ত্বকের রং পরিবর্তন, এমনকী ত্বকে ট্যান দেখা দিতে পারে। এগুলোও শরীরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

* অতিরিক্ত ক্লান্তি ও অলসতাঃ প্রথমে চিনি শরীরকে চাঙা করে তুললেও এর প্রভাব দ্রুত কমে যায়। ফলে শরীর ভেঙে পড়ার মতো ক্লান্তি, অলসতা এবং শক্তির ঘাটতি অনুভূত হয়।