বিয়ে শুধু ভালবাসার সম্পর্ক নয়, একসঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি। তাই অর্থ আর দায়িত্ব ছাড়াও মানসিক দিক থেকেও প্রস্তুত হওয়া খুব জরুরি। বিশেষজ্ঞরা বলেন, বিয়ের আগে পুরুষদের কিছু গুরুত্বপূর্ণ ইমোশনাল স্কিল শেখা উচিত, যা দাম্পত্য জীবনকে সুখী ও স্থায়ী করে।

প্রথমেই দরকার নিজের আবেগ বোঝার ক্ষমতা। অনেক সময় পুরুষরা নিজের রাগ, কষ্ট বা দুঃখ ঠিকভাবে বুঝতে পারেন না বা প্রকাশ করেন না। এতে ভেতরে মানসিক চাপ জমে এবং পরে ঝামেলা তৈরি হয়। তাই নিজের অনুভূতি চিনতে শেখা খুব গুরুত্বপূর্ণ।

আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি। ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া বা উত্তেজিত হয়ে কথা বলা সম্পর্কের ক্ষতি করে। তাই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো শিখতে হবে।

কথা বলা ও শোনার অভ্যাসও আয়ত্ত করতে হবে। শুধু নিজের কথা বললেই হবে না, সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে হবে। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক মজবুত হয়।

সহানুভূতি বা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা। সঙ্গীর জায়গায় নিজেকে কল্পনা করে তার দুঃখ-খুশি বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও গভীর হয়।

নিজের ভুল স্বীকার করা। অনেক সময় অহংকারের কারণে আমরা ভুল মেনে নিতে চাই না। কিন্তু 'সরি' বলতে পারা সম্পর্ক বাঁচিয়ে রাখে।

এছাড়া ধৈর্য রাখা খুব জরুরি। বিয়ের পর সবকিছু নিজের মতো হবে না, তাই সময় নিয়ে মানিয়ে নিতে হবে। একইসঙ্গে সঙ্গীর ব্যক্তিগত জায়গা বা স্পেসকে সম্মান করা উচিত।

সম্পর্ক ভাল রাখতে কৃতজ্ঞতা প্রকাশ করাও জরুরি। ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ বলা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। পাশাপাশি, সঙ্গীর জন্য সময় বের করা এবং তার পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ।

সবশেষে, ক্ষমা করার মানসিকতা থাকা দরকার। ছোটখাটো ভুল নিয়ে রাগ ধরে রাখলে দূরত্ব তৈরি হয়। তাই ভুলগুলো ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে শিখতে হবে।

সবমিলিয়ে, বিয়ের আগে এই ইমোশনাল স্কিলগুলো শেখা থাকলে দাম্পত্য জীবন অনেক সহজ, সুন্দর এবং সুখের হয়ে ওঠে।