আজকাল ওয়েবডেস্ক: পরকীয়ায় বৈধ না অবৈধ, নৈতিক না অনৈতিক তা নিয়ে বিতর্কের শেষ নেই। এবার সেই বিতর্কে আরও একটু ঘি ঢালল সাম্প্রতিক একটি ঘটনা। ৩৭ বছর বয়সি এক ব্যক্তি নিজেই জানিয়েছেন যে কিশোরবেলার প্রেমিকার সঙ্গে পরকীয়া করছেন তিনি। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। কারণ হিসেবে দেখিয়েছেন এক বিচিত্র যুক্তিও।
একটি ব্রিটিশ পত্রিকায় নিজের কথা জানিয়ে চিঠি লিখেছেন ওই ব্যক্তি। জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয় তাঁর। তখন স্ত্রীর বয়স ২৯। বিয়ের আগে এক বছর ডেটও করেছেন তাঁরা। কিন্তু এই ছয় বছরে একবারও শারীরিক ভাবে ঘনিষ্ঠ হননি দম্পতি। অন্তত এমনটাই অভিযোগ ওই যুবকের। তাঁর দাবি, বিয়ের আগে অনেকেই সঙ্গম করতে চান না। তাই বিষয়টি অস্বাভাবিক মনে হয়নি তাঁর। কিন্তু বিয়ের পরেও যে তেমনটাই চলতে থাকবে সেটা তিনি কল্পনা করেননি।
যুবকের দাবি, পাঁচ বছর যৌনতার ছোঁয়া না পেয়ে আর সহ্য করতে পারেননি তিনি। হঠাৎ করেই তাঁর দেখা হয় কৈশোরের এক বান্ধবীর সঙ্গে। তাঁর সঙ্গেই শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়ান তিনি। কিন্তু বিষয়টি নিয়ে তিনি নিজেও দ্বিধায় রয়েছেন। তাই পাঠকদের থেকে চেয়েছেন পরামর্শ। প্রকাশের সঙ্গেসঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে লেখাটি।
















