দীর্ঘদিনের পিঠের ব্যথায় ভুক্তভোগীদের জন্য বড় সুখবর দিলেন বিজ্ঞানীরা। তাঁরা এমন একটি নতুন ইনজেকশনযোগ্য জেল তৈরি করেছেন, যা শুধু ব্যথা কমায় না, একইসঙ্গে মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত ডিস্ককে আবার সুস্থ হতে সাহায্য করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

মানুষের মেরুদণ্ডে হাড়গুলোর মাঝখানে থাকে নরম স্পাইনাল ডিস্ক। এই ডিস্কগুলো কুশনের মতো কাজ করে এবং শরীরকে ঝাঁকুনি বা চাপ থেকে রক্ষা করে। কিন্তু বয়স বাড়া, ভারী কাজ, আঘাত বা দীর্ঘদিন বসে কাজ করার কারণে অনেক সময় এই ডিস্ক ক্ষয় হয়ে যায়। তখন তীব্র পিঠের ব্যথা, কোমর ব্যথা এবং চলাফেরায় সমস্যা দেখা দেয়।

এতদিন এই সমস্যার চিকিৎসায় সাধারণত ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি, স্টেরয়েড ইনজেকশন বা বড় অস্ত্রোপচার করা হত। কিন্তু এসব চিকিৎসায় বেশিরভাগ সময় ব্যথা সাময়িকভাবে কমে। সমস্যার মূল কারণ পুরোপুরি ঠিক হয় না। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারও ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘ সময় বিশ্রাম নিতে হয়।

এবার এই চিকিৎসায় নতুন ধরনের জেল তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই জেলটি বিশেষভাবে এমনভাবে বানানো হয়েছে যা চিকিৎসকেরা একটি সূঁচের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত ডিস্কের মধ্যে প্রবেশ করান। 

জেলটি সেখানে গিয়ে কুশনের মতো কাজ করে এবং হাড়গুলোর মাঝখানে আবার নরম সাপোর্ট তৈরি করে। পাশাপাশি এটি শরীরের কোষগুলোকে নতুন টিস্যু তৈরি করতে উৎসাহ দেয়। এর ফলে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ডিস্কের অংশ মেরামত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই জেল ব্যবহার করলে মেরুদণ্ডের নমনীয়তা কিছুটা ফিরে আসতে পারে এবং ব্যথা ও প্রদাহ কমতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে এতে নড়াচড়া করাও সহজ হতে পারে।

তবে বিজ্ঞানীরা বলছেন, এখনও আরও বড় পরিসরে গবেষণা করা দরকার। দীর্ঘমেয়াদে এই জেল কতটা কার্যকর এবং নিরাপদ—তা নিশ্চিত করতে আরও পরীক্ষা চালানো হবে।

যদি ভবিষ্যতের গবেষণায় এই প্রযুক্তি সফল প্রমাণিত হয়, তাহলে মেরুদণ্ডের চিকিৎসায় বড় পরিবর্তন আসতে পারে। তখন শুধু ব্যথা কমানোর বদলে ক্ষতিগ্রস্ত ডিস্ককে ঠিক করেই চিকিৎসা করা সম্ভব হবে।

বিশ্বজুড়ে অসংখ্য মানুষ দীর্ঘদিনের পিঠের ব্যথায় ভোগেন। তাই এই নতুন জেল সফল হলে লক্ষ লক্ষ মানুষের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা। এর মাধ্যমে চিকিৎসার ধারণাও বদলে যেতে পারে—যেখানে শুধু উপসর্গ নয়, সমস্যার মূল কারণকেই ঠিক করার চেষ্টা করা হবে।