কাজের ব্যস্ততা কিংবা ক্লান্তি—সব মিলিয়ে মাঝে মাঝেই এমন দিন আসে যখন বিছানা ছেড়ে জিম যাওয়ার বা শরীরচর্চা করার নাম শুনলেই গা শিউরে ওঠে। কিন্তু মনে রাখা দরকার, ফিটনেস কোনো সাময়িক গন্তব্য নয়, বরং এটি একটি জীবনযাত্রা। তাই যেদিন ওয়ার্কআউটের কোনও মুড থাকবে না, সেদিন নিজেকে জোর করার চেয়ে বরং কিছু ছোট ও সহজ উপায় কাজে লাগাতে পারেন।
জেনে নিন কীভাবে এমন অলস দিনগুলোতেও নিজেকে সক্রিয় রাখবেন:
১. শরীরচর্চার পূর্বপ্রস্তুতি
এমন একটি অভ্যাস গড়ে তুলুন যা আপনার শরীরকে কাজের সংকেত দেয়। হতে পারে তা আপনার প্রিয় জিমের পোশাকটি পরা, জুতোর ফিতে বাঁধা, কয়েকটি জাম্পিং জ্যাক করা কিংবা নিজের পছন্দের কোনও প্রি-ওয়ার্কআউট স্ন্যাকস খাওয়া। এই ছোট পদক্ষেপগুলো আপনার মস্তিষ্কে বার্তা পাঠায় যে, আপনি হয়তো পুরো ওয়ার্কআউটের মুডে নেই, তবে শরীরটাকে নড়াচড়া করতে প্রস্তুত। আপনিও নিজেকে বোঝান যে আপনি পুরো ওয়ার্কআউট না করলেও সামান্য নড়াচড়ার জন্য প্রস্তুত, যা শরীরচর্চার শুরুটা সহজ করে দেয়।
২. মাত্র ১০ মিনিটের চ্যালেঞ্জ
ওয়ার্কআউট মানেই যে এক ঘণ্টা ধরে দৌড়াতে হবে বা ভারী ওজন তুলতে হবে, এমন কোনও কথা নেই। মাত্র ১০ মিনিটের জন্য নিজেকে সক্রিয় রাখুন। এটি হতে পারে হালকা জগিং, স্ট্রেচিং বা স্পট রানিং। ১০ মিনিট পর নিজেকে প্রশ্ন করুন, কেমন লাগছে? যদি চাঙ্গা লাগে, তবে পুরো ওয়ার্কআউটটি সেরে ফেলুন। তবে যদি ১০ মিনিট পরেও আগের চেয়ে ভাল লাগে কিন্তু এখনও মুড না থাকে: তবে টাইমারটি আরও ১০ মিনিটের জন্য সেট করুন।
৩. রুটিন বদলে ফেলুন
“আজ আমার একদম মুড নেই”—এই কথার আসল অর্থ হল, আপনি আপনার নির্ধারিত রুটিনটি করতে চাইছেন না। তাই আজ একটু অন্যরকম কিছু ট্রাই করুন। যেমন,
জগিংয়ে না গিয়ে ঘরের ভেতরেই পছন্দের গানে নাচুন।
যোগব্যায়ামের শুধুমাত্র ব্রিদিং এক্সারসাইজগুলো করুন।
কিংবা সাধারণ কিছু জাম্পিং জ্যাক।
নিত্যদিনের ছক থেকে বেরিয়ে এসে কিছু নতুন করলে তা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে শরীরকে সচল করে তুলবে।
৪. দৈনন্দিন নড়াচড়া বাড়ান
যদি সত্যিই ওয়ার্কআউট বাদ দিতে চান, তবে নিশ্চিত করুন যে সারাদিনের কার্যকলাপে যেন কিছু নড়াচড়া থাকে। বাড়ির টুকিটাকি কাজ করুন, বাগানের পরিচর্যা করুন বা হেঁটে মুদি দোকান থেকে টুক করে ঘুরে আসুন।
গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র ১৯ মিনিট—অর্থাৎ দিনে অন্তত দু'মিনিট করে জোরালো শারীরিক কার্যকলাপ—ক্যান্সার, হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।
৫. বিশ্রাম নিন, শরীরের কথা শুনুন
যদি এরপরেও আপনার ক্লান্তি না কাটে, তবে একটি বিরতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। মায়ামি-ভিত্তিক সার্টিফাইড পার্সোনাল ট্রেনার এবং নিউট্রিশন কোচ আমান্ডা ক্যাপ্রিটো বলেন, “গভীর ক্লান্তি থেকেই মূলত মোটিভেশন বা অনুপ্রেরণার অভাব দেখা দেয়। এমন পরিস্থিতিতে সাধারণ ওয়ার্কআউটের বদলে হালকা স্ট্রেচিং বা হাঁটা অনেক বেশি কার্যকর।”
আপনার শরীরের ভাষা শোনা এবং বোঝা অত্যন্ত জরুরি। তবে চরম মাত্রার ক্লান্তি এবং শক্তিহীনতা ‘ওভারট্রেনিং সিনড্রোম’-এর মতো মারাত্মক শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। তাই শরীরের সিগন্যালকে কখনওই অবহেলা করবেন না।















