আজকাল ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হবে না। তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে। আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সিনহার নির্দেশের ফলে তাঁর অধিকার এবং স্বার্থে প্রভাব পড়ছে এই আবেদন জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। তবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদনে সাড়া দেননি। তারা তাঁকে তদন্তে সহায়তা করতে বলেন। ডিভিশনন বেঞ্চের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। তবে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না।