আজকাল ওয়েবডেস্ক: সোনারপুরে প্রবল জনরোষে চোট পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। কলকাতায় পৌঁছেই একের পর এক হাসপাতালে ছুটেছেন। কিন্তু তাঁকে ভর্তি নেয়নি কোনও হাসপাতাল। অবশেষে গভীর রাতে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। 

 

মমতার বক্তব্য, "আমি খুবই মর্মাহত। এখনও একমাস হয়নি বিজেপি সরকারের। এখন থেকেই হুমকি দেওয়া শুরু করেছে পুলিশ ও প্রশাসনকে দিয়ে হাসপাতালগুলিতে। যাতে অভিষেক ব্যানার্জিকে ভর্তি না করা হয়। কারণ ওরা চায় না, ওর চিকিৎসা হোক। ৮টা বেজে ১৫ মিনিটে ওঁকে আইটিইউতে ভর্তি করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। বিজেপি নেতা ও পুলিশ চিকিৎসকদের হুমকি দেন, যাতে অভিষেককে ভর্তি না করা হয়‌। চিকিৎসকরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। তাঁরাও অত্যন্ত দুঃখিত।" 

 

মমতা আরও বলেন, "আমি যখন হাসপাতালে বসেছিলাম, তখনই চিকিৎসকদের কাছে থ্রেট ফোন কল আসছিল। ডিসি সাউথ থ্রেট কল করেছিলেন। যদিও চিকিৎসকরা ওকে ভর্তি করাতে চেয়েছিলেন। যদি প্রয়োজন না থাকত, তাহলে দু্'ঘণ্টা আইটিইউতে নিয়ে কেন পরীক্ষা করা হল! স্যালাইন হাতে বাড়ি গেছে অভিষেক। আমাদের ফ্যামিলি ডাক্তার ওকে দেখছেন। ওর সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি দেখেছি। তখন আমি অ্যাপোলোতে গিয়েছিলাম। ওর হাতে, পায়ে ব্যথা। বমি বমি পাচ্ছিল ওর, মাথা ঘুরছিল, প্রেসার ওঠানামা করছিল। এই অবস্থায় ডাক্তাররা ওকে ছাড়তে চাননি। কিন্তু তাঁরা বাধ্য হয়েছেন। কারণ, নাহলে তাঁদের চাকরি কেড়ে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আমার সামনে ফোন করে হুমকি দিয়েছেন ডিসি সাউথ। এত অমানবিক! আমরা কোন দেশে আছি! লুটেরা সরকার, এত গুন্ডামি! মানুষের আশীর্বাদে, শুভকামনায় ও বেঁচে গেছে। সারা গায়ে চাকা চাকা দাগ, যেভাবে পাথর ছোঁড়া হয়েছে স্পট ডেড হতে পারত যদি স্থানীয়রা হেলমেট না দিতেন। ওর বুকের চারপাশে রক্ত জমে আছে।" 

 

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমি চিকিৎসকদের দোষারোপ করছি না। ওঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন। বাংলার মানুষের জন্য আমি দুঃখিত। এই পরিবর্তন বাংলার কোনও মানুষ চাননি, যে কেউ অসুস্থ হলেও তাঁর চিকিৎসা হবে না। আমার এক ভাই হাসপাতালে ভর্তি ছিল। কাউন্টিংয়ের পরদিন তাকে বলছিল, দেড় লাখ টাকা দিন, নয়তো হাসপাতাল থেকে ছুটি নিন। ওর কিডনির ডায়ালিসিস চলছিল। যারা অন্যায় করে, তারা ফল ভোগে। রাহুল গান্ধী আমাকে ফোন করেছিলেন। বলেছেন, কোনও দরকার হলে উনি সাহায্য করবেন। প্রয়োজনে হায়দরাবাদে নিয়ে যাবেন।"