শ্যামলী আচার্য্য: বেঁচে থাকলে তাঁর বয়স হত একশো। জানতেন, বিশ্বাস করতেন, "সাহিত্যের থেকে জীবন বড়"। তিনি সমরেশ বসু।
সাউথ সিটি ব্যাঙ্কোয়েট হলে একরাশ ফুলের মধ্যে তাঁর উজ্জ্বল ছবিটি মনে করিয়ে দিচ্ছে তিনি আজও মহাকালের রথের ঘোড়া। অপ্রতিরোধ্য এবং প্রাসঙ্গিক।
সাহিত্যিক পুত্র নবকুমার বসুর আয়োজনে এক মনোজ্ঞ অনুষ্ঠানে সাহিত্যিক কিন্নর রায় এবং অনিতা অগ্নিহোত্রী উল্লেখ করলেন সমরেশ বসু থেকে কালকূট, এই দীর্ঘ যাত্রায় কেমন করে তিনি গড়ে তুলেছিলেন এক অনমনীয় সাহিত্যপথ। "নয়নপুরের মাটি" থেকে যে পথ এগিয়েছে শিল্পী রামকিঙ্করের ধুলোমাখা পথের দিকে।
শনিবার সন্ধ্যার এই আন্তরিক আয়োজনে বিশেষ প্রাপ্তি পরিবারের সদস্যদের নিবেদনে রবীন্দ্রনাথের গান।