আজকাল ওয়েবডেস্ক: সপ্তমীতে টেক্কা দিল কালীঘাট। এর আগে ভিড়ের নিরীখে দমদম এগিয়ে থাকলেও সপ্তমীতে এগিয়ে গেল কালীঘাট। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ওইদিন এই স্টেশনে যাত্রীসংখ্যা ছিল ৮১,৭৯৮। এরপরেই ছিল দমদম। সেখানে যাত্রী সংখ্যা ছিল ৬৯,১০৬। তৃতীয় স্থানে ছিল শোভাবাজার-সুতানুটি। সপ্তমীতে এই স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৫৪,৩৪৬। ওইদিন নর্থ-সাউথ মেট্রোপথে মোট যাত্রীসংখ্যা ছিল সাড়ে সাত লক্ষ। যদিও ষষ্ঠীর তুলনায় সপ্তমীতে যাত্রী সংখ্যা কম ছিল। ষষ্ঠীর দিন মেট্রোপথে যাতায়াত করেছিলেন আট লক্ষেরও বেশি যাত্রী।  কার্যত উৎসবের মরশুম শুরু হয় যাওয়ার পরেই ভিড় বেড়েছে মেট্রোপথে। শপিং থেকে শুরু করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ভুগর্ভস্থ এই রেলপথকেই বেছে নিয়েছেন এক বিরাট সংখ্যক জনতা। এগিয়ে এসেছে মেট্রোও। দর্শনার্থীদের কথা ভেবে তারা নর্থ-সাউথ মেট্রোপথে সপ্তমী, অষ্টমী ও নবমীতে সারারাত ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে।