আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সপ্তাহেই বিরাট তথ্য সামনে। সিবিআই অফিসার সেজে, নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সিবিআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের নাবালিকাকে প্রেমের প্রলোভনে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রেমের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণ করে যৌন সম্পর্ক পাতানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঘটনা সামনে আসতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরেই বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, গ্রেপ্তার করার পর, যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আই কার্ড ও আসল ভোটার কার্ড। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস। বাড়ি বালিগঞ্জ এলাকায়। চার মাস আগে ওই নাবালিকাকে অপহরণ করেছিল অভিযুক্ত। জানা গিয়েছে, ঠাকুরপুকুরে ওই যুবকের ভাড়া বাড়িতে নাবালিকাকে আটকে রাখা হয়েছিল। ২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করেছিল।

 পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করত। যে এলাকায় ভাড়া থাকত, তার আশপাশের এলাকার নাবালিকাদের টার্গেট করা হত বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে। ৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুরের ওই নাবালিকার বাড়ির কাছে ভাড়া নিয়েছিলেন কুণাল। সেখান থেকেই নানা প্রলোভন দিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন অভিযুক্ত। এরপরে সুযোগ বুঝে তাকে নিয়ে চম্পট দেন, অভিযোগ তেমনটাই। সূত্রের খবর, পুলিশ তদন্ত চালাচ্ছে। যুবক এখনও পর্যন্ত কতজন নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেছে, খোঁজ চলছে তার।