আজকাল ওয়েবডেস্ক: সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ নিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

মঙ্গলবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে চালু হল ২৪ ঘণ্টার টোল-ফ্রি সাইবার হেল্পলাইন। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই হেল্পলাইনের মাধ্যমে কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকার নাগরিকরা সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনও সমস্যা বা প্রতারণার অভিযোগ দিনের যে কোনও সময়ে জানাতে পারবেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা পাবেন। টোল-ফ্রি হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-৩৪৫-০০৬৬।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমান সময়ে যেমন রাস্তায় নাগরিক নিরাপত্তা জরুরি, তেমনই সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা।

ক্রমবর্ধমান সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এই ২৪ ঘণ্টার হেল্পলাইন সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পুলিশের তরফে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, কোনও ধরনের সাইবার প্রতারণার শিকার হলে একটুও দেরি না করে অবিলম্বে ১৮০০-৩৪৫-০০৬৬ (1800-345-0066) নম্বরে যোগাযোগ করার জন্য।

মঙ্গলবার একই সঙ্গে লালবাজারে একটি মাসিক নিউজলেটার ‘সাইবার PASS’-এরও উদ্বোধন করেন কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার।

এই নিউজলেটারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, সাইবার অপরাধীদের নতুন নতুন কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাও এর অন্যতম লক্ষ্য।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ দেখলে, জানলে বা সন্দেহ হলেই দ্রুত পুলিশকে জানানো অত্যন্ত জরুরি।