আজকাল ওয়েবডেস্ক দিন কয়েক আগেই জানা গিয়েছিল, রাম মন্দিরের উদ্বোধন করতে ব্যস্ত কর্মসূচির মাঝেই কলকাতায় উড়ে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজর ছিল সেদিকেই। দেখা গেল পূর্ব নির্ধারিত কর্মসূচিতে কলকাতায় এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধন করবেন রাম মন্দিরের আদলে তৈরি হওয়া শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজো। পুজোর অন্যতম আয়োজক বিজেপি নেতা সজল ঘোষ উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা সহ অন্যান্য নেতা নেত্রীরা। অমিত শাহ উপস্থিত হয়ে বলেন, তিনি পুজোর উদ্বোধনের জন্যই উড়ে এসেছেন বাংলায়। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শহরের একগুচ্ছ পুজো উদ্বোধন করেছেন। অন্যান্যবার তিনি নিজে মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করলেও, এবার পায়ের চোটের কারণে ভার্চুয়ালি উদ্বোধন করছেন পুজো মণ্ডপগুলির। রবিবারের পর সোমবারও তিনি একগুচ্ছ পুজোর উদ্বোধন করছেন ভার্চুয়ালি। পুজো মণ্ডপগুলির উদ্বোধন হয়ে যাওয়ায়, রাস্তায় মহালয়া থেকেই মানুষের ঢল। পুজোর আগেই প্রতিমা দর্শন করছেন হাজার হাজার মানুষ।
:
:
