আজকাল ওয়েবডেস্ক: বুধবার আমেরিকার ইউনিভার্সিটি অব নেভাদার মূল ক্যাম্পাসে বন্দুকবাজের হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন।লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বিবৃতিতে বলেছে, বন্দুকবাজ ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।
ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক ফোনে জানিয়েছেন, ক্যাম্পাসে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আগে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন। তিনি জানান ‘আমরা একের পর এক সাত থেকে আটটি জোরালো শব্দ শুনতে পাই। আমরা ভেতরে আশ্রয় নিই এবং বুঝতে পারি, এটি আসলে গোলাগুলির শব্দ এবং ক্যাম্পাসে একজন সক্রিয় বন্দুকবাজ রয়েছে।’