আজকাল ওয়েবডেস্ক: ছোট বেলাতেই শুনে ফেলেছিলেন মা-কাকিমার কথা। শুনেছিলেন, মা-কাকিমা আলোচনা করছেন, তাঁর সৎ বাবা, বাকি দুই ভাইয়ের বাবা হলেও, ছোট ভাই অ্যালেনের বাবা নন। সে অনেক ছোট বেলার কথা। পরে সময় অনেক এগিয়েছে। তাঁর সৎ বাবা জর্জ ও প্রয়াত হয়েছেন। তবে ওই যুবতীর মাথা থেকে বিষয়টি কোনওভাবে বেরোয়নি কোনওদিন।


বহু বছর পরে, ছোট ভাই অ্যালেনকে তিনি বলেন, গোপন সত্যির কথা। ঠিক করেন, জিজ্ঞাসা করবেন তাঁদের মাকে। মৃত্যু পথযাত্রী মা’কে জিজ্ঞাসা করতেই বেরিয়ে আসে বড় সত্যি।

মা জানিয়ে দেন, জর্জ বাকি দুই সন্তানের বাবা হলেও, অ্যালেনের বাবা নন। সময়টা ২০২৩। তার পরেই তাঁদের মা মারাও যান। তবে যে তথ্য দিয়ে যান, তা যথেষ্ট অ্যালেনের তাঁর বাবাকে খুঁজে পাওয়ার জন্য।  

তারও অনেক পরে, ওই যুবতী, সোশ্যাল মিডিয়ায় নিজের নাম উল্লেখ না করে, জিজ্ঞাসা করেন, শেষ মুহূর্তে মা’কে এই ধরনের প্রশ্ন করে তিনি ঠিক করেছিলেন কি না। এই ধরনের সত্যি সামনে আসায় পরিবারে যে বড় সত্য সামনে আসে, তাও ঠিক ছিল কি না। যদিও নেটপাড়ার অনেকেই যুবতীকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য, বাকি যাই হোক না কেন, অ্যালেন নিজের বাবার সত্যতা, পরিচয় জানার যোগ্য। তার জন্য অন্তত এই সত্য উদঘাটন হওয়া জরুরি ছিল।