আজকাল ওয়েবডেস্ক: মধ্য এশিয়ায় ঘনাচ্ছে আরও গাঢ় আশান্তির মেঘ! মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ফের শুরু হওয়ার 'সম্ভাবনা' রয়েছে। এমনই মনে করছে ইরানের সশস্ত্র বাহিনী।

মার্কিন যুক্তরাষ্ট্র কোনও চুক্তি বা সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এটা প্রমাণিত। ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক সদর দপ্তরের উপপ্রধান মহম্মদ জাফর আসাদি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কর্মকাণ্ড ও বক্তব্য মূলত মিডিয়া-নির্ভর। তাদের লক্ষ্য প্রথমত, তেলের দামের পতন ঠেকানো। দ্বিতীয়ত, নিজেদের তৈরি জটিলতা থেকে বেরিয়ে আসা।

মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনও নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন মহম্মদ জাফর আসাদি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই-সহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হন। এছাড়াও কয়েক হাজার সাধারণ মানুষ নিহত এবং হাজার হাজার আহত হন।

ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইজরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়। টানা প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির মধ্যে বাকযুদ্ধ হলেও হামলা থেকে বিরত থাকে দুই পক্ষই।

পরবর্তীতে ১১ এপ্রিল শান্তি চুক্তির উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক হয়। তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা হলেও কোনও সমঝোতায় পৌঁছনো যায়নি। ফলে চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। এরপর ইরান সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের জন্য একটি ত্রিস্তরীয় প্রস্তাব দেয়। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরান এমন কিছু ছাড় বা সুবিধা চাইছে যা তিনি মেনে নিতে পারেন না। হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, "তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু... আমি তাতে সন্তুষ্ট নই।" তিনি আরও যোগ করেন যে, ইরানের নেতৃত্ব "অত্যন্ত অসংগঠিত" এবং তারা "দুই বা তিনটি দলে" বিভক্ত হয়ে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ইরান পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতুন আরেকটি প্রস্তাব পাঠিয়েছে। তবে ওই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি।