আজকাল ওয়েবডেস্ক: ভারত ও রাশিয়া যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরি করবে। ইতিমধ্যে এই উদ্যোগে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে এই বৈঠক হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে এই ধরনের সহযোগিতা স্বাভাবিক কৌশলের অংশ। এটি ইউরেশিয়ান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। ল্যাভরভ আরও বলেন, সামরিক সরঞ্জাম সরবরাহে বৈচিত্র্য আনতে ভারতের চিন্তা ভাবনাকে রাশিয়া সম্মান জানায়। নয়াদিল্লি ভারতের জন্য দরকারি যেসব সরঞ্জাম তৈরি করতে চায়, সে বিষয়ে সহায়তা করার জন্য প্রস্তুত মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ল্যাভরভের সঙ্গে বৈঠকে ইউক্রেন ও গাজার সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে দু" জনের মধ্যে। প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমের দেশগুলি। এর পর থেকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী হয়ে উঠেছে ভারত।
Russia-India: যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরি করবে ভারত-রাশিয়া
















