আজকাল ওয়েবডেস্ক: রাজ পরিবারের ছেলে, রাজার ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার! ব্রিটিশ রাজপরিবারের অস্বস্তি চরমে। ভাইয়ের গ্রেপ্তারি নিয়ে এবার মুখ খুললেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। অ্যান্ড্রু, এবং এপস্টিইন ফাইলের সঙ্গে সংযোগের বিষয়ে পুলিশি তদন্তকে সর্বান্তকরণে সমর্থন করবে বাকিংহ্যাম প্যালেস।
রাজা তৃতীয় চার্লস এক বিবৃতীতে লিখেছেন, "অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর এবং জনসাধারণের কাজে অসদাচরণের সন্দেহের খবরে আমি গভীর উদ্বেগের সঙ্গে জানতে পেরেছি। এখন যা হবে তা হল যথাযথ পদ্ধতিতে এবং যথাযথ কর্তৃপক্ষের তরফে এই বিষয়টির তদন্তের পূর্ণ, ন্যায্য এবং সঠিক প্রক্রিয়া। আমি আগেও বলেছি, এতে আমাদের পূর্ণ এবং সর্বান্তকরণে সমর্থন এবং সহযোগিতা রয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আইন অবশ্যই তার নিজস্ব পথ অনুসরণ করবে।"
৬৬তম জন্মদিনে অ্যান্ড্রুকে স্যান্ড্রিংহামে রাজপরিবারের প্রাসাদ থেকে গ্রেপ্তার করা হয়। জনসাধারণের কাজে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু।
ইংল্যান্ডের রাজ পরিবার থেকে আগেই তাড়িয়ে দেওয়া হয়েছিল অ্যান্ড্রুকে। কেড়ে নেওয়া হয় প্রিন্স উপাধি। শেষপর্যন্ত এপস্টিন কেলেঙ্কারিতে জর্জরিত অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হল।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হল। ব্রিটেনের রাজ পরিবারের ইতিহাসে যা নজিরবিহীন।
এক বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ বলেছে, "সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।"
আমেরিকার কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু ফেব্রুয়ারির শুরুতে উইন্ডসর শহরে অবস্থিত রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান।
ওই সময় বাকিংহাম প্যালেস বলেছিল, ২০২৬ সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে প্রয়াত এপস্টিন সম্পর্কিত সর্বশেষ নথি প্রকাশ হওয়ার পর অ্যান্ড্রুর বাড়ি ছাড়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।
