আজকাল ওয়েবডেস্ক: নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে ইজরায়েল। ডিএনএ পরীক্ষার পর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ইজরায়েলের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে জানান সিনওয়ারের মারা যাওয়ার খবর।
বৃহস্পতিবার ইজরায়েল সেনা হামলা চালায় গাজার একটি ভবনে। ওই ভবনে তিন জনের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। ইজরায়েলের দাবি ছিল, মৃতদের মধ্যে হামাস প্রধান থাকতে পারেন। তিন জনের দেহ ইজরায়েলে নিয়ে আসা হয় ডিএনএ পরীক্ষার জন্য। শেষে ইজরায়েলের বিদেশমন্ত্রী কাট্জ এক বিবৃতিতে জানান, সেনা অভিযানে নিহত হয়েছেন সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর উৎসবের পরিবেশ তৈরি হয়েছে ইজরায়েলে। এরই মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন লড়াই জারি থাকবে। হামাসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।
প্রসঙ্গত, ৬১ বছরের ইয়াহিয়ার জন্ম হয়েছিল গাজার একটি শরণার্থী শিবিরে। ২০১৭ সালে গাজাতেই তাঁকে হামাসের এক জন নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তবে তাঁর অনেক বছর কেটেছে কারাগারে। হামাসে যোগ দেওয়ার আগে ইয়াহিয়া বেশ কয়েক বছর জেলবন্দি ছিলেন। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় আত্মগোপন করেছিলেন ইয়াহিয়া। তবে হানিয়ার পর হামাসের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতা। গত আগস্টে তাঁকে হামাসের প্রধান হিসাবে বেছে নেওয়া হয়। হামাসের তরফে অবশ্য এবিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস তার মাস্টারমাইন্ড ছিলেন ইয়াহিয়া।
