আজকাল ওয়েবডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ৯৮ বছর বয়সে প্রয়াত। তাঁর কন্যা এ তথ্য জানিয়েছেন। ডেলরসকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে। খবর বিবিসির।
১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ডেলর ইউরোপীয় কমিশনের দায়িত্বে ছিলেন। ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন তিনি। এছাড়া ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন।
ডেলরের কন্যা মার্টিন অরবি বলেন, প্যারিসে নিজের বাড়িতে বুধবার সকালে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করেছেন। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।
ম্যাক্রোঁ তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বলেন, "তাঁর প্রতিশ্রুতি, তাঁর আদর্শ এবং তাঁর ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। আমি তাঁর কাজ ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।"
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল তাঁকে দারুণ একজন ফ্রেঞ্চম্যান ও ইউরোপিয়ান বলে আখ্যা দিয়ে বলেছেন, তিনি আমাদের ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসে রয়েছেন।