আজকাল ওয়েবডেস্ক: একদিনে ১১ জনকে খুন। স্কুলে ছড়িয়ে, ছিটিয়ে পড়ুয়াদের নিথর দেহ। বন্দুকের গুলির শব্দে পড়ুয়াদের আর্তনাদ স্কুল জুড়ে। তবে স্কুলে হামলা করার আগে, বাড়িতেই পরপর খুন করেছিলেন ১৮ বছরের হামলাকারী জেসে ভ্যান রুটসেলার। মা, সৎ ভাই-কে খুন করে স্কুলে আরও ন'জনকে খুন করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রুটসেলার একজন রূপান্তরিত কিশোরী ছিলেন। দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায়। ভুগছিলেন। পুরুষ হয়ে জন্মালেও, মনে মনে নিজেকে নারীই ভাবতেন। তা থেকেই শুরু হয় তাঁর মানসিক অসুস্থতা। পারিপার্শ্বিক কারণে আরও চাপ বাড়তে থাকে। তা থেকেই সম্ভবত এই ভয়ঙ্কর হামলা তিনি করেছেন। ১১ জনকে খুনের পর আত্মঘাতী হন রুটসেলার।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১:২০ মিনিটে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে তারা। ঘটনাস্থলে পুলিশ ইনিশিয়েটেড পাবলিক অ্যালার্ট জারি করা হয়।
পুলিশ জানিয়েছে, তারা স্কুলে ঢুকে দেখেন, ভিতরে এক জায়গায় ছ'জন গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অন্য একটি জায়গায় আরও দু'জনের গুলিবিদ্ধ নিথর দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এই ন'জন ছাড়াও, বাড়িতে মা ও সৎ ভাইকে খুন করেছিলেন তিনি। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে পড়ুয়া কতজন রয়েছে, তা এখনও জানানো হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, ভয়ঙ্কর এই হামলার পরেই ১৮ বছরের ওই রূপান্তরিত কিশোরী আত্মঘাতী হন। এর আগেই লাইসেন্স ছাড়া বন্দুক নিয়ে তাঁকে আটক করেছিল পুলিশ। দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। চলছিল চিকিৎসাও। চার বছর আগে স্কুল থেকে ড্রপ আউট হন। সেই নিজের স্কুলেই ভয়ঙ্কর হামলা করেন তিনি।
১৮ বছরের রূপান্তরিত কিশোরীর এই হামলাকে কানাডার ইতিহাসে সবচেয়ে 'ভয়ঙ্কর' বলে ঘোষণা করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নের। বুধবারই নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে যোগ দেওয়া জন্য মিউনিখে যাওয়ার কথা ছিল তাঁর। বন্দুকবাজের হামলার খবর পেয়ে সেই সফর বাতিল করেন তিনি। কানাডার এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
