আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে চলছে ভোটগ্রহণ। তবে শুরুতেই মিলল অশান্তির খবর। ভোটের দুই মূল প্রতিদ্বন্দ্বী দল জামাত ও বিএনপি’র সমর্থকদের মধ্যে মিরপুরে সংঘর্ষের খবর মিলেছে। প্রসঙ্গত, ঢাকার মিরপুর–১০ আসন থেকে লড়াই করছেন জামাত–ই–ইসলামি প্রধান শফিকুর রহমান।
এর বাইরে এখনও অবধি মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোট। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন চলছে। শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। মোট ৫০টি নথিভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল ভোটে লড়ছে। প্রার্থীর সংখ্যা ২,০২৮। তাঁদের মধ্যে মহিলা রয়েছেন ৮৩ জন। ২০ জন মহিলা কোনও দলের টিকিট ছাড়াই স্বতন্ত্র ভাবে লড়ছেন। হাসিনার দল আওয়ামী লীগ ‘নিষিদ্ধ’ হওয়ায় ভোটে নেই। মূল লড়াই মূলত জামাত ও বিএনপি’র মধ্যে।
প্রসঙ্গত, শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে বসার দৌড়ে এখন দু’জন প্রতিদ্বন্ধী। প্রথম জন, সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা প্রাক্তন শাসকদল বিএনপির প্রধান তারেক রহমান। দ্বিতীয় জন মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ইসলামি সংগঠন জামাত–ই– ইসলামির (জামাত) প্রধান আমির শফিকুর রহমান।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৭টা (ভারতীয় সময়) থেকে বাংলাদেশে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। তার আগে থেকেই সেদেশে বিক্ষিপ্ত অশান্তি এবং গোলমালের খবর মিলতে শুরু করেছে। বুধবার থেকেই কোথাও ভোটকেন্দ্রের কাছে বোমাবাজি, কোথাও রাজনীতিকদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠে এসেছে। কুপিয়ে জখম করার অভিযোগও উঠেছে। এক সংখ্যালঘু যুবককে খুনের অভিযোগও উঠেছে। জামাতের বিরুদ্ধে ভোটের আগের রাতে ভোট করানোরও অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোট চলছে বাংলাদেশে। চলবে ভারতীয় সময় বিকেল চারটে পর্যন্ত।
এদিকে, প্রাথমিকভাবে কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ, শুক্রবার সকালেই গণনা সম্পন্ন হবে এবং ভোটের ফল জানা যাবে। তবে অনেকেই বলছেন, ভোটের ফল ঘোষণা হতে হতে বিকেল গড়িয়ে যেতে পারে।
অন্যদিকে, সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য পৃথক ব্যালটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটাররা একসঙ্গে দুই জায়গায় ভোট দেবেন। গণভোটের ব্যালট থাকবে রঙিন। গণনার সময়েও দু’টি ব্যালট একসঙ্গে গোনা হবে। ফলও ঘোষণা হবে একসঙ্গে।
