আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়ির বাগান খুঁড়ে উদ্ধার হল ১৪০ মিলিয়ন বছর আগের ফসিল। ঘটনাটি ঘটেছে ডার্বিশায়ারে। সাত বছরের একটি শিশু নিজের বাড়ির বাগানে খেলছিল। এরপর সে একটি পাথরের মতো জিনিস দেখতে পায়। 


পাথরটিকে খুঁড়তেই সেখান থেকে বেরিয়ে আসে একটি ফসিল। এরপর সে ছুটে যায় তার পিতামাতার কাছে। তাদের ডেকে আনতেই তারা ফসিলটিকে ভাল করে পরিষ্কার করে। তারপর দেখা যায় সেটি জুরাসিক যুগের ফসিল। সেখানে সেই সময়ের প্রাণীদের ছবি আঁকা রয়েছে।


সাত বছরের এলিয়ট জানায়, সে ফসিল ভালবাসে। এই ধরণের একটি ফসিলকে পেয়ে সে খুশি। ফসিলটি হাতে পেয়ে সে মনে করে ডাইনোদের খুঁজে পেয়েছে সে। এই ধরণের কাজ সে বারবার করতে চাইবে।


এলিয়টের মা গেমা জানিয়েছে, তার ছেলে এই বিষয়টি নিয়ে উৎসাহিত। নিজেদের বাগানকে তারা আরও খনন করে এমন ফসিলের খোঁজ করবে। তবে যেভাবে সে এটিকে পেয়েছে তাতে তিনি গর্বিত।


নটিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর লাইডন বলেন, লন্ডনের মাটিতে এমন বহু ফসিল তারা পেয়েছেন। এখানে মাটির নিচে আরও ফসিল থাকতে পারে। তিনি বলেন যে ফসিলটি পাওয়া গিয়েছে সেটি ১৪০ থেকে ১৮০ মিলিয়ন বছরের পুরনো। এটি ডাইনো যুগের একটি ফসিল।


সাত বছরের ছেলেটিকে উৎসাহ দিয়ে লাইডন বলেছেন, ফসিল খোঁজার জন্য কোনও বাড়তি যন্ত্র লাগে না। বাড়িতে থাকা যন্ত্র দিয়েই তা করা যায়। তবে এই ছেলেটির কাজ সকলের মন কেড়েছে।