আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে ১২ফেব্রুয়ারি। গণনাও শুরু হয়েছে বৃহস্পতিবারেই। এখনও গণনা সম্পূর্ণ না হলেও, বিএনপিযে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয়ের মুখে তা স্পষ্ট শুক্রবার সকালেই। ইতিমধ্যেই তারেক রহমানকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মোদি। তবে বিএনপি ভোট জিতে, ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক বজায় রাখবে, হাসিনা ইস্যুতে কোন পদক্ষেপ নেবে সেদিকে যেমন নজর, তেমনই আলোচনা আরও এক বিষয়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এই জয় পেয়েছে ভারতের আরও স্পষ্ট করে বললে বাংলার প্রকল্পের জোরেই। বিএনপি'র প্রতিশ্রুতির কারণেই এই জোর জল্পনা।
বিএনপি প্রতিশ্রুতিতে বলেন, বিভিন্ন সামাজিক প্রকল্প, বিশেষ করে মহিলা-কেন্দ্রিক প্রকল্পগুলি ভারতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জয়ের ট্রাম্পকার্ড। এবার সেই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল বাংলাদেশেও। ফলাফলে চর্চা
হাসিনা জমানা শেষে, বাংলাদেশে ফেরেন খালেদা পুত্র। জল্পনা ছিল, খালেদা জিয়া নিজেও এবার ভোত লড়বেন। যদিও পদ্মাপারে সেই জল্পনা সত্যি হওয়ার আগেই, প্রয়াত হন খালেদা জিয়া। অন্যদিকে প্রায় দু'দশন বিদেশে কাটিয়ে ঢাকায় ফিরেই বিএনপি'র ভার দেন তারেক। চমক দেন নির্বাচনী ইশতেহারেও। একটি 'ফ্যামিলি কার্ড'-এর প্রতিশ্রুতি দিয়েছেন, এর মাধ্যমে মহিলাদের প্রায় ২০০০ টাকা নগদ দেবে। এছাড়াও চাল, ডাল, রান্নার তেল এবং নুনের মতো প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও পেতে পারেন মহিলারা।
এই 'ফ্যামিলি কার্ড' প্রকল্পের মধ্যেই অনেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার কিংবা মধ্যপ্রদেশে চালু হয়েছে ‘লাডলি বেহেনা’, মহারাষ্ট্রের 'লাডকি বাহিন যোজনা'র ছাপ পাচ্ছেন। ২০২১-এ ভোটের আগে, এই 'লক্ষ্মীর ভাণ্ডার' ছিল তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস প্রকল্প। গত কয়েকবছরে এই প্রকল্পের বিপুল জনপ্রিয়তা লক্ষণীয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মূলত, এইসব প্রকল্পের ধাঁচে সেখানকার মহিলা ভোটারদের সামনে রেখেই প্রকল্পের ঘোষণা করেছে। উল্লেখযোগ্য, এর আগে, বাংলাদেশে মহিলাদের জন্য এভাবে কোনও প্রকল্পকে ইশতেহারে আনা হয়নি।
বিএনপি আর কী কী প্রতিশ্রুতি দিয়েছিল?
ভারতের মহিলা সমৃদ্ধি যোজনার মতো, বিএনপি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের জন্য একটি ক্ষুদ্র-অর্থায়ন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে। এটা দক্ষতা প্রশিক্ষণ এবং আয় বৃদ্ধির উপর জোর দেবে।
ভারতের 'কিষাণ ক্রেডিট কার্ড'-এর মতো, বিএনপি'কৃষক কার্ড' ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতের এই প্রকল্পের মতো, বাংলাদেশের কৃষক কার্ড-ও সাশ্রয়ী মূল্যের এবং নমনীয় ঋণের পাশাপাশি ভর্তুকি এবং কৃষি বিমা প্রদান করবে।
শিক্ষার ক্ষেত্রে, বিএনপি ভারতের 'মধ্যাহ্নভোজ' কর্মসূচিতে মুগ্ধ বলে মনে হচ্ছে। ভারতের ১১.২ লক্ষ সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রতিদিন ১১.৮ কোটিরও বেশি শিশুকে তাজা রান্না করা মধ্যাহ্নভোজ (মিড ডে মিল) সরবরাহ করা হয়। বিএনপি ক্ষমতায় এলে এই ধরণের প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে জামাতও ভোটের ইশতিহারে আরও বেশি করে মহিলাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা তুলে ধরেছে। জামাত ক্ষমতায় এলে তাদের মন্ত্রিসভায় "উল্লেখযোগ্য সংখ্যক মহিলা" অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও তারা কোনও মহিলা প্রার্থী দেয়নি। এই দল মাতৃত্বকালীন মহিলাদের কাজের সময় পাঁচ ঘন্টা কমিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সেই প্রতুশ্রুতি বাংলাদেশের মানুষ খুব একটা গ্রহণ করেনি বলেই দেখা যাচ্ছে।
