আজকাল ওয়েবডেস্ক: পরিবারের চাপে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রতিবাদের এক অদ্ভুত পথ বেছে নিলেন এক তরুণী। বিয়ের চাপ এড়াতে নিজের দীর্ঘ চুল কেটে মাথা নেড়া করে ফেলেছেন তিনি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা—ব্যক্তিগত স্বাধীনতা বনাম সামাজিক প্রত্যাশা নিয়ে।

ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী kajals_move_। সেখানে তিনি জানান, নিজের চুল তিনি খুব ভালোবাসতেন। কিন্তু পরিবারের ক্রমাগত বিয়ের চাপ তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ভিডিওতে তরুণী প্রশ্ন তোলেন, হঠাৎ চেহারা বদলে যাওয়ায় কেন সবাই তাকে কৌতূহল নিয়ে দেখছে। তাঁর কথায়, “আমি এমন কী করেছি যে সবাই আমাকে এভাবে দেখছে?”

তিনি আরও বলেন, সমাজে পুরুষদের ক্ষেত্রে এমন নজরদারি খুব কমই দেখা যায়। কিন্তু একজন মহিলা নিজের জীবনের সিদ্ধান্ত নিতে গেলে বা নিজের মতো করে থাকতে চাইলে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তবে তিনি স্পষ্ট করে দেন, এই পদক্ষেপ সহানুভূতি পাওয়ার জন্য নয়। বরং যারা একই ধরনের পারিবারিক বা সামাজিক চাপে পড়ছেন, সেই সব মহিলাদের সাহস জোগাতেই তিনি এই ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওর শেষে তিনি বলেন, “একবার জীবন হাতছাড়া হয়ে গেলে কেউ এসে জিজ্ঞেস করবে না। তাই নিজের স্বপ্নের জন্য যা করতে হয়, তা করো।” ভিডিওটি প্রকাশের পর অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “যখন মেয়েরা নিজের জন্য দাঁড়ায়, সেটা দেখতে ভালো লাগে।” আবার কেউ মন্তব্য করেছেন, “তোমার সাহস দেখে গর্ব হচ্ছে—নিজের স্বপ্নের জীবন বাঁচো।”

আরও অনেকেই বলেছেন, ব্যক্তিগত স্বাধীনতা চুলের থেকেও অনেক বেশি মূল্যবান। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন মূল প্রশ্ন—একবিংশ শতাব্দীতেও কি মহিলাদের জীবনের বড় সিদ্ধান্তগুলো সমাজের চাপেই নিতে হবে?