আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র চোদ্দো, কিন্তু মেধা ও উদ্ভাবনী শক্তিতে সে হার মানাতে পারে বড় বড় ইঞ্জিনিয়ারদেরও। ভাঙাচোরা বাতিল সাইকেল আর ফেলে দেওয়া একটি পুরনো মোটরবাইকের ইঞ্জিন জোড়া লাগিয়ে আস্ত একটি চলন্ত মোটরবাইক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মহারাষ্ট্রের কোলহাপুরের অষ্টম শ্রেণীর এক ছাত্র। খুদে এই বিজ্ঞানীর নাম সমর্থ শিবম পাতিল, যে কারবীর তালুকের কেরলি গ্রামের বাসিন্দা।
সমর্থের বাবা শিবম পাতিল গ্রামে গবাদি পশুর খাদ্য এবং কৃষি পণ্যের একটি ছোট দোকান চালান। সেই দোকানের সাথেই থাকা একটি ওয়েল্ডিং মেশিন আর ছোট ওয়ার্কশপই ছিল সমর্থের গবেষণাগার। প্রথমে সে একটি মিনি ট্র্যাক্টর বা চার চাকার গাড়ি তৈরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজের বুদ্ধিতে তৈরি করে ফেলে একটি আস্ত মোটরসাইকেল।
এই বাইকটি তৈরি করতে সমর্থ স্ক্র্যাপ মার্কেট (ভাঙাচোরার বাজার) থেকে মাত্র ৩ হাজার টাকায় একটি বাতিল মোটরবাইকের ইঞ্জিন ও গিয়ারবক্স কিনে আনে। এরপর দুটি পুরনো সাইকেল, একটি গ্যারেজ থেকে জোগাড় করা সাইকেলের চেইন, পুরোনো একটি এম-৮০ মোপেডের ক্লাচ এবং হিরো স্প্লেন্ডার বাইকের স্ট্যান্ড ও ওয়্যারিং ব্যবহার করে সে এই বাইকটির কাঠামো তৈরি করে। শুধু তাই নয়, বাইকের ফুয়েল ট্যাংক বা তেলের ট্যাঙ্ক হিসেবে সে তার আগের একটি পরীক্ষার ফেলে দেওয়া অংশ ব্যবহার করে এবং একটি পুরনো প্লাস্টিকের কৌটো ও পিভিসি পাইপ দিয়ে বাইকের এয়ার ফিল্টার সিস্টেম তৈরি করে নেয়। বাইকটি চালু করার জন্য ইয়ামাহা গাড়ির চাবি এবং চাকা হিসেবে পুরনো সাইকেলের চাকাই ব্যবহার করেছে সে।
এই পুরো কাজে সমর্থের সবচেয়ে বড় সহায় ছিল ইউটিউব টিউটোরিয়াল এবং বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এআই টুলের ইঞ্জিনিয়ারিং টেকনিক। সমর্থের বাবা জানান, ছোটবেলা থেকেই মেশিনের প্রতি সমর্থের দারুণ ঝোঁক। সে সবসময় কিছু না কিছু বানানোর চেষ্টা করে এবং পরিবার থেকেও তাকে সবসময় উৎসাহ ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয়। কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই শুধুমাত্র নিজের ইচ্ছা আর প্রযুক্তির সহায়তায় স্ক্র্যাপ মেটাল দিয়ে তৈরি সমর্থের এই চলন্ত বাইক এখন নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছে।















