আজকাল ওয়েবডেস্ক: অবৈধ অভিবাসীরা যাতে আধার কার্ড না পায় তা নিশ্চিত করতে ১৮ বছরের বেশি বয়সীদের আর নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। শনিবার এই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিশেষ ক্ষেত্রে আধার কার্ড ইস্যু করার অনুমতির জন্য জেলা কমিশনারকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাতে হবে। এরপর সরকার সিদ্ধান্ত নেবে যে আবেদনকারী কার্ডটি পাওয়ার যোগ্য কি না।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে আধার কার্ড প্রদানের হার 'সর্বোচ্চ সীমায়' (স্যাচুরেশন পয়েন্ট) পৌঁছেছে। তাঁর দাবি, "কিছু জেলায় এই হার ১০০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। তাই আমাদের খতিয়ে দেখতে হবে, কারা এই অতিরিক্ত আধার কার্ডগুলো নিচ্ছেন।" তবে চা-বাগান এলাকায় জনজাতি সম্প্রদায় এবং তফসিলি উপজাতি (এসটি)ভুক্ত মানুষদের আধার কার্ড দেওয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী জানান, এই নির্দেশিকা ২০২৭ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তাঁক কথায়, "ওই তারিখ থেকে এই সম্প্রদায়গুলোর ১৮ বছরের বেশি বয়সীরাও আর আধার কার্ড পাবেন না।"

গত বছর মুখ্যমন্ত্রী শর্মা বলেছিলেন যে, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন রোধের পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার আধার কার্ড প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ম চালুর কথা বিবেচনা করছে।

অসমে অবৈধ অভিবাসন
সম্প্রতি সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যে অবৈধ অভিবাসনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল এবং একে জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করেছিল।

১২৬টি আসনের মধ্যে ৮২টি আসন জিতে বড় ব্যবধানে ক্ষমতায় টিকে থাকা বিজেপি পূর্ববর্তী সরকারগুলোর বিরুদ্ধে 'ভোট-ব্যাঙ্ক রাজনীতির' স্বার্থে এই বিষয়টিকে উপেক্ষা করার অভিযোগ তুলেছিল।