আজকাল ওয়েবডেস্ক: মোঘল সম্রাট বাবর বা বাবরি মসজিদের নামে কোনও মসজিদ বা ধর্মীয় নির্মাণ বা নামকরণ নিষিদ্ধ করার আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চ আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করে। এরপরই আবেদনকারীর আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন।
আবেদনকারীর আইনজীবী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের প্রতিরূপ নির্মাণের জন্য তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের ঘোষণার কথা উল্লেখ করেন। আবেদনে কেন্দ্র, রাজ্য এবং অন্যান্যদের বাবর বা বাবরি মসজিদ নামাঙ্কিত কোনও মসজিদ বা ধর্মীয় স্থাপনা নির্মাণ, স্থাপন বা নামকরণ নিষিদ্ধ বা নিষিদ্ধ করার জন্য আবেদনকারীর মামলা বিবেচনা করার নির্দেশ দেওয়ার জন্য আবেদনকারীর তরফে নির্দেশ চাওয়া হয়েছে।
মামলাকারীর আইনজীবী এজলাসে মোঘল সম্রাট বাবরকে 'সাম্রাজবাদী' বলে অভিহিত করেন। আইনজীবীর যুক্তি, দেশের অন্দরে বাবরের নামে নতুন করে কোনও মসজিদ বা স্থাপত্যনির্মাণ করা উচিত নয়। এমনকী, বাবর যেহেতু হিন্দুদের দাসে পরিণত করেছিলেন, তাই তাঁকে নতুন করে সম্মানজানানোর কোনও জায়গা নেই বলেও দুই বিচারপতির বেঞ্চকে জানানো হয়। আরও বলা হয়েছে যে- মোঘল শাসকরা হিন্দুদের দাস হিসাবে উল্লেখ করেছিলেন, এই ধরণের কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
কিন্তু এসবের পরও আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।
উল্লেখ্য২০১৯ সালের নভেম্বরে উত্তর প্রদেশের অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার রায়ে সুপ্রিম কোর্ট ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসকে আইনের শাসনের চরম লঙ্ঘন বলে অভিহিত করে। আদালত নির্দেশ দিয়েছিল যে, বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য অযোধ্যার একটি বিশিষ্ট স্থানে পাঁচ একর বিকল্প জমি বরাদ্দ করা উচিত।
