আজকাল ওয়েবডেস্ক: সিগারেট খেতে না দেওয়ায় রীতিমতো তাণ্ডব। পেট্রল পাম্পে সিগারেট ধরাতে বারণ করায় রাগের মাথায় তেলের ট্যাঙ্কে জ্বলন্ত লাইটার ফেলে দিলেন এক যুবক! গত ১৮ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের রায়পুরের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বহু মানুষ। পাম্প কর্মীর উপস্থিত বুদ্ধিতে বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই শিউরে ওঠা দৃশ্য। ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রের খবর, উরলা এলাকার কর্ম চকের একটি পেট্রল পাম্পে রাত পৌনে ৮টা নাগাদ বাইকে তেল ভরতে আসেন দুই যুবক। তেলের নজেল ট্যাঙ্কে ঢোকানোর সময়ই বাইকের পিছনে বসে থাকা যুবকটি সিগারেট ধরানোর চেষ্টা করেন। পাম্প কর্মী তাঁকে সতর্ক করতেই শুরু হয় বচসা। রাগের চোটে পাম্পের মাঝেই লাইটার জ্বেলে তেলের ট্যাঙ্কে ফেলে দেন ওই যুবক।

নিমেষের মধ্যে জ্বলে ওঠে বাইক ও পাম্পের নজেল। আগুন দেখে প্রথমে সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করলেও, এক কর্মী সাহসের সঙ্গে এগিয়ে এসে মূল জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন। এর পর অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

ঘটনার পর অভিযুক্ত ধর্মেন্দ্র সিং এবং ইমরান কুরেশি পালানোর চেষ্টা করে। কিন্তু তা বিফলে যায়৷ পাম্প কর্মীরাই তাঁদের ধরে ফেলেন। খবর পেয়ে উরলা থানার পুলিশ এসে দু’জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার চেষ্টার মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা উস্কে দিয়েছে ২০২৪ সালের হায়দরাবাদের একটি স্মৃতি। সেখানেও এক মদ্যপ ব্যক্তি পাম্প কর্মীর সঙ্গে বাজি ধরে লাইটার জ্বালিয়ে দিয়েছিলেন। সেই সময়েও পাম্পে উপস্থিত ১০-১১ জন মানুষের প্রাণ সংশয় তৈরি হয়েছিল।