আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিনের মতো কারখানায় কাজে গিয়েছিলেন শ্রমিকরা। আচমকাই ঘটল বিপত্তি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল গোটা কারখানায়। কয়েকজন কোনও মতে পালাতে পারলেও, বাকিরা আটকে পড়েন সেখানে। ওই কারখানায় এ পর্যন্ত জীবন্ত দগ্ধ হয়েছেন সাতজন শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিওয়াড়িতে। পুলিশ জানিয়েছে, সোমবার ওই এলাকায় একটি কেমিক্যাল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। এখনও পর্যন্ত সাতজনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। ওই কারখানার ভিতরে আরও ১০ জন শ্রমিক আটকে আছেন বলেই প্রাথমিকভাবে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা পুলিশের। 

পুলিশ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ন'টা নাগাদ। সেই সময় ওই কেমিক্যাল কারখানায় ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ কারখানার ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে দাউদাউ আগুন জ্বলতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে গোটা কারখানায় সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই কয়েকজন শ্রমিক ছুটে পালিয়ে গিয়েছিলেন। 

জেলা প্রশাসনের এক আধিকারিক সুমিত মিশ্র জানিয়েছেন, ওই এলাকায় প্রতিদিনের মতো আজও পুলিশ পেট্রোলিং চলছিল। তখনই কারখানা থেকে কালো ধোঁয়া ও লেলিহান শিখা নজরে পড়ে পুলিশের। তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী, দমকলের একাধিক ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। 

দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় দেড় ঘণ্টা পর কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে যে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

রাজস্থানের কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'রাজস্থানের ভিওয়াড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। যাঁরা কাছের মানুষদের হারালেন, তাঁদের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'