আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কে রাখা সোনা গোপনে অন্য জায়গায় বন্ধক দেন৷ অভিযুক্ত খোদ ব্যাঙ্কেরই ডেপুটি ম্যানেজার৷ গ্রাহকের গচ্ছিত সোনা আত্মসাৎ করে তা অন্যত্র বন্ধক রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন বেঙ্গালুরুর একটি ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার। পুলিশ জানিয়েছে, প্রায় ২,৭৮০ গ্রাম সোনা হাতিয়ে নিয়েছিলেন ওই আধিকারিক, যার বর্তমান বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকারও বেশি।

গত ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর গিরিনগর থানায় ব্যাঙ্কের চিফ ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। অভিযোগ, ব্যাঙ্কের লকার থেকে গ্রাহকদের গয়না সরিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই অন্য একটি সংস্থায় সেগুলি বন্ধক রাখেন ওই ডেপুটি ম্যানেজার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতারণার মাধ্যমে পাওয়া ওই বিপুল টাকা তিনি অনলাইন জুয়া বা বেটিংয়ে উড়িয়ে দিয়েছেন।

বেঙ্গালুরু দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার লোকেশ বি জগলাসার জানান, "অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোনা উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা গিয়েছে।" তবে তদন্তে অর্থলগ্নী সংস্থাগুলি সহযোগিতা করছে না বলে দাবি পুলিশের। কমিশনারের হুঁশিয়ারি, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে ওই সংস্থাগুলির বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্য একটি ঘটনায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। বছর উনত্রিশের নব্যা শ্রীর সঙ্গে ২০২৪ সালের মার্চ মাসে একটি 'ওয়েডিং' ওয়েবসাইটের মাধ্যমে বিজয় নামে এক যুবকের আলাপ হয়।

জানা গিয়েছে, নিজেকে কোটিপতি ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই যুবক দাবি করে, বেঙ্গালুরুর অভিজাত এলাকায় তার প্রচুর জমি ও সম্পত্তি রয়েছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতে কিছু জাল নথিপত্রও দেখায় সে। বিয়ের টোপ দিয়েই ওই তরুণীর থেকে বিপুল টাকা আত্মসাৎ করে ওই প্রতারক।