আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত কাণ্ড। এক যুবক সিঙাড়া খাচ্ছিলেন দোকানের বাইরে দাঁড়িয়ে। সিঙাড়া খেতে খেতেই আচমকাই অন্য একজনের বাইক নিয়ে চম্পট। এমন হাবভাব নিয়ে বাইকে উঠেছিলেন, আশেপাশের কারও সন্দেহ হয়নি দেখে। লোকজনের সঙ্গে কথা বলে, সিঙাড়া চিবোতে চিবোতেই বাইক চুরি করে পালিয়ে যান তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১টা নাগাদ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার ধারের একটি দোকান থেকে সিঙাড়া কিনে খাচ্ছিলেন এক যুবক। সিঙাড়া খেতে খেতে দোকানের বাইরে একটি বাইকের সামনে গিয়ে দাঁড়ান। তারিয়ে তারিয়ে সিঙাড়াটাই উপভোগ করছিলেন তিনি। হঠাৎ সেই বাইকে উঠেই, মুহূর্তের মধ্যে চম্পট দেন। 

পুলিশ আরও জানিয়েছে, বাইক চুরির আগে কোনও তাড়াহুড়ো করেননি। তিন মিনিট ওই বাইকের পাশে দাঁড়িয়ে সিঙাড়া খাচ্ছিলেন তিনি। এমনকী বাইকে ওঠার পরেও সিঙাড়া খেতে দেখা গেছে তাঁকে। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাঁকে। এমন হাবভাব ছিল, বাইক চুরির ঘটনাটি চোখের সামনে দেখেও কারও সন্দেহ হয়নি। 

সিঙাড়া খাওয়া শেষ হতেই চারপাশে একবার দেখে দেন যুবক। এরপর বাইকটি নিয়ে নিমেষের মধ্যে পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে সাঙ্গানের থানা এলাকায়। জানা গেছে, বাইকটি সেখানে রেখে, এক প্রৌঢ় প্রয়োজনীয় সামগ্রী কিনতে দোকানে ঢুকেছিলেন। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

গত সপ্তাহে এই শহরেই এক বিয়েবাড়িতে ভয়াবহ এক চুরির ঘটনা ঘটেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি। জগৎপুরা এলাকার চন্দন ওয়ান ম্যারেজ গার্ডেনে। সেদিন রাতে নিয়ন্ত্রিত ও আত্মীয়দের সঙ্গে মেতেছিলেন বর-কনে। বিয়ের আসরে একটি স্টেজের ওপরে দাঁড়িয়েছিলেন বর-কনে। সেখানেই চুরির ঘটনাটি ঘটেছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ ওই মঞ্চের ওপর কয়েকজন নিমন্ত্রিত অতিথির সঙ্গে কথা বলছিলেন বর-কনে। তাঁদের সঙ্গে ছবিও তোলেন। আচমকাই পাত্রীর নজরে পড়ে, ব্যাগটি তাঁর পাশ থেকে উধাও। তখনই শুরু হয় খোঁজাখুঁজি। 

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির ফটোগ্রাফারদের তোলা ভিডিও খুঁটিয়ে দেখা হয়। তখনই দেখা যায়, বর-কনে যখন ছবি তোলায় ব্যস্ত ছিলেন, সেই সময় নিমন্ত্রিত সেজে মঞ্চে উঠে পাত্রীর পাশ থেকে নিশ্চুপে ব্যাগটি নিয়ে চলে যায় চোর। লক্ষাধিক টাকার জিনিস সহ ব্যাগটি চুরি করেই কয়েক সেকেন্ডের মধ্যে ব্লেজারের নীচে লুকিয়ে রাখেন ওই যুবক। সঙ্গে সঙ্গে বিয়েবাড়ি ছেড়েও পালিয়ে যান। 

ঘটনাটি প্রথমে কারও নজরেই পড়েনি। সেই সময় সকলেই গল্পে মশগুল ছিলেন। অনেকেই ছবি তোলায় ব্যস্ত ছিলেন। পাত্রী জানিয়েছেন, ব্যাগটি সোনার গয়না, নগদ টাকা সহ মোট চার লক্ষ টাকার জিনিস ছিল। বিয়েবাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছিল। কিন্তু কোথাও সেই ব্যাগটি পাওয়া যায়নি। 

ইতিমধ্যেই পাত্রের ভাই থানায় এই চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে শনাক্ত করেছে পুলিশ। তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি‌। চুরির ঘটনায় অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।