আজকাল ওয়েবডেস্ক: তিনি দেশের প্রধানমন্ত্রী। তাতে কী, খুদের সঙ্গে মিশলেন তার মতো করেই। ছোট্ট বন্ধুকে প্রশ্ন করলেন, তুমি কি সবজি খাও? ইতিমধ্যে পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। রবিবার মোদি বারাণসী সফরে গিয়েছেন। নমো ঘাটে কর্মসূচি সম্পন্ন করেন, কন্যাকুমারী এবং বারাণসীর মধ্যবর্তী কাশী তামিল সঙ্গম এক্সপ্রেসের সূচনা করেন। তাঁর সংসদীয় এলাকা, স্বাভাবিক ভাবেই মোদিকে ব্যাপক উচ্ছ্বাসের মধ্যে দিয়েই স্বাগত জানিয়েছিলেন সেখানকার সাধারণ মানুষ।ওই সফরকালেই তিনি কথা বলেন চতুর্থ শ্রেণির বেশ কিছু পড়ুয়ার সঙ্গে। যারা প্রধানমন্ত্রীর স্বাগত অনুষ্ঠানে প্রদর্শনী, কবিতা আবৃত্তি করেছিল। তাদের মধ্যেই একজনের সঙ্গে কথোপকথনের ভিডিও শেয়ার করেছেন খোদ মোদি। পড়ুয়া প্রধানমন্ত্রীকে তার সবুজ গাছপালা এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কিত প্রদর্শনী দেখাচ্ছিল। ওই ভিডিওতে দেখা গিয়েছে, সমগ্র প্রক্রিয়াটি বোঝানোর জন্য খুদে একটি কবিতা শুনিয়েছে, এবং প্রধানমন্ত্রীকে মনোযোগ সহকারে সেই কবিতা শুনতে দেখা গিয়েছে। কবিতা শেষ হলে মোদি প্রশ্ন করেন, "তুমি কি সবজি খাও?" তার উত্তর পড়ুয়াকে "হ্যাঁ" বলতে শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী ফের প্রশ্ন করেন, পড়ুয়া সব সবজি খায় কিনা। সে উত্তরে ফের হ্যাঁ বললে মোদি জিজ্ঞাসা করেন, এমন কিছু সবজি নিশ্চয় আছে, যা সে খেতে পছন্দ করে না মোটেই। পড়ুয়া তখন জানায়, সে করলা খেতে পছন্দ করে না একেবারে।